২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ত্রুটিপূর্ণ লিফটের দরজার চাপে শিশু নিহত

রাজধানীতে একটি ভবনের ত্রুটিপূর্ণ লিফটের দুই দরজার মধ্যে চাপ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 04:19 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শান্তিনগরের চামেলীবাগে গ্রিন পিস নামের অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে বলে মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।

নিহত আলবিরা রহমান (৯) ওই অ্যাপার্টমেন্টের ১৫ তলার বাসিন্দা শিপলুর রহমানের মেয়ে। শিপলু ‘আলী বাবা ডোর কোম্পানির’ মালিকের ছেলে।

ডিসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিপলু তার স্ত্রী উম্মে সালমা রহমান ও মেয়ে উম্মে আলবিরা রহমানকে নিয়ে নিচ থেকে ১৫ তলায় উঠছিলেন।

Image
সময় টেলিভিশন থেকে নেওয়া স্ক্রিনশট

সময় টেলিভিশন থেকে নেওয়া স্ক্রিনশট

“১৫ তলায় উঠে শিপলু ও তার স্ত্রী লিফট থেকে নামলেও আলবিরা নামতে একটু দেরি করে এবং নামার সময় লিফটের দুই দরজা তাকে চাপ দেয়।

“ওই সময় সেন্সর কাজ করছিল না এবং উপরে কল ছিল বলে শিশুটিকে নিয়ে লিফট একটু উপরে উঠে গেলে শিশুটির মাথাও ছাদের সঙ্গে বাড়ি খায়।”

পরে দ্রুত আলবিরাকে নিয়ে স্কয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিফট ত্রুটিপূর্ণ জেনেও ভবন পরিচালনা পর্ষদ কোনো ব্যবস্থা নেয়নি বলে ওই ভবনের ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ।

এক বাসিন্দা একটি টেলিভিশনকে বলেন, “প্রায়ই লিফটের সেন্সর কাজ করে না। কোনো লিফটম্যান থাকে না।”

কিন্তু এটাকে ‘দুর্ঘটনা’ আখ্যা দিয়ে ভবন পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ আলমগীর মিয়া একই টিভির কাছে দাবি করেন, “লিফটের বয়স হয়েছে; ৭-৮ বছর হয়ে গেছে। লিফটের সার্ভিসিং ঠিক ছিল; লিফটম্যানও ছিল।”