২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার, পরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ডাকাতির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ঢাকার দক্ষিণখানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, যাকে নিয়ে অভিযানে বেরিয়েছিল পুলিশ। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 09:55 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে দক্ষিণখান থানার ওসি তপন কুমার সাহার ভাষ্য।

পুলিশ বলছে, নিহত জহিরুল ইসলাম (৩৫) একটি ডাকাত দলের নেতৃত্বে দিয়ে আসছিলেন। ওই দলের অন্য সদস্যদের ধরতেই তাকে নিয়ে দিয়াবাড়িতে অভিযান চালানো হয়।

দক্ষিণখানের মোল্লারটেক রোডের এক বাসায় বৃহস্পতিবার দুপুরে ডাকাতির ঘটনার পর জনতা ধাওয়া দিয়ে পাঁচজনকে ধরে ফেলে। ওই পাঁচজনের মধ্যে একজন ছিলেন জহিরুল।

ওসি তপন জানান, জনতা ওই পাঁচজনকে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দুটি চাপাতি ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। ওই ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে জহিরুলকে নিয়ে শেষরাতে অভিযানে বের হয় পুলিশ।

“দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় গেলে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশের দিকে গুলি করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জহিরুল গুলিবিদ্ধ হয়।”

পরে ‘অন্যরা পালিয়ে গেলে’ গুলিবিদ্ধ জহিরুলকে নিয়ে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ভোরে দিয়াবাড়িতে গোলাগুলির পর তারা ঘটনাস্থল থেকে আরও একটি পিস্তল ও দুটি চাপাতি উদ্ধার করেছেন।