২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইলেন পলক, নাচলেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবে বক্তৃতা দিতে এসে গান গেয়ে শোনালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2018, 12:15 AM

Updated : 19 Aug 2022, 01:49 PM

বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত এই উৎসবের সাংস্কৃতিক পর্ব উদ্বোধন করতে  এসে আয়োজকদের অনুরোধে একটানা তিনটি গান গেয়ে শোনান তিনি।

টিএসসিতে এই অনুষ্ঠানমঞ্চে হলুদ বসনের প্রতিমন্ত্রী যখন গান গাইছিলেন, তখন দর্শকের আসনে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক মঞ্চের সামনে এসে নাচতে থাকেন।

অনুষ্ঠানে গান গাওয়ার অনুরোধ পেয়ে পলক বলেন, “আমি তো ভালো গান পারি, আমাদের সময়ে (নব্বই এর দশকে) যে সব গান জনপ্রিয় ছিল, সেগুলোই গাইছি।”

আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’, ডিফরেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’ এবং আজম খানের ‘অভিমানী’ গানটি সবাই শোনেন পলকের কণ্ঠে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এনিয়ে দ্বিতীয়বার বসন্ত উৎসব আয়োজন করেছে।

সকালে উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর।

বিকালের অনুষ্ঠানে বক্তৃতায় প্রতিমন্ত্রী পলক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই বাংলাদেশের সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আজ এই বসন্ত উৎসবের দিন আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক প্রগতিশীল সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সুকুমারবৃত্তিগুলোকে উদ্ভাসিত করার জন্য এবং আমাদের যে ইতিহাস ও ঐতিহ্য, আমাদের সেই বাঙালি ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য নাট্যব্যক্তিত্ব অনন্ত হীরা, নূনা আফরোজ ও রাহুল আনন্দকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড দল ‘জলের গান’ ও ‘গানকবি’র পরিবেশনাও ছিল।