রায়ে বাংলা সাল-তারিখও লেখার নির্দেশ
‘বাংলা ভাষার প্রতি সম্মান দেখাতে’ দেশের সব আদালতের রায়ে ইংরেজির পাশাপাশি বাংলায় সাল ও তারিখ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন এই নির্দেশনা আদালতগুলোতে পাঠান
জাকির হোসেন সাংবাদিকদের বলেন,“বাংলা ভাষার প্রতি সম্মান দেখাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
নির্দেশনায় বলা হয়েছে, “ইহা অত্র কোর্টের গোচরীভূত হয়েছে যে, সারা দেশের অধস্তন আদালতসমূহে রায়ে ইংরেজি তারিখ প্রদান করা হলেও বাংলায় তারিখ প্রদান করা হয় না। বাংলার প্রতি সম্মান প্রদর্শনার্থে রায়ে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা বর্ষের সন ও তারিখ উল্রেখ থাকা একান্তভাবে প্রত্যাশিত এবং বাঞ্ছনীয়।”
বুধবার এই নির্দেশনা আইন সচিব, সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজসহ বিচার বিভাগীয় সব কর্মকর্তার কাছে পাঠোনো হয়েছে বলে জানান রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন।
