স্থানীয় সরকারের ১৩৩ জায়গায় ভোট বৃহস্পতিবার
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের ১৩৩টি জায়গায় নির্বাচন হবে বৃহস্পতিবার।
সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
সুষ্ঠু ভোটের আশাবাদ ব্যক্ত করে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বুধবার বলেন, “নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। ব্যাপক আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকবে। কোনো ধরনের অনিয়ম-সহিংসতার শঙ্কা নেই, নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিত করা হয়েছে।”
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ৪৭টি এবং বিভিন্ন পদে উপনির্বাচন ও স্থগিত নির্বাচন ৭২টি; উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন একটি, পৌরসভা সাধারণ নির্বাচন চারটি এবং বিভিন্ন পদে উপনির্বাচন, স্থগিত নির্বাচন সাতটি। এছাড়া খুলনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ডের একটি করে নির্বাচনসহ সর্বমোট ১৩৩ জায়গায় ভোট হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে একজন কর্মকর্তাসহ তিনজন পুলিশ সদস্য, অস্ত্রসহ চারজন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১৩ জনসহ মোট ২০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
প্রতি ইউনিয়নে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ান আনসারের দুটি করে মোবাইল টিম, বিজিবি এক প্লাটুন ও র্যাবের দুটি করে টিম মোতায়েন থাকবে।
ফাইল ছবি
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন উপলক্ষে সাধারণ কেন্দ্রে পাঁচজন পুলিশ, অস্ত্রসহ দুইজন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১২ জনসহ মোট ১৯ জন মোতায়েন থাকবে। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন কর্মকর্তাসহ ছয়জন পুলিশ, অস্ত্রসহ দুইজন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১২ জনসহ মোট ২০ জন মোতায়েন থাকবে।
এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে মোবাইল টিম ৩২টি, স্ট্রাইকিং ফোর্স পাঁচটি, ১০ প্লাটুন বিজিবি ও র্যাবের ১৭টি টিম মোতায়েন থাকবে। পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচন
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাধারণ কেন্দ্রে দুইজন পুলিশ, অস্ত্রসহ দুইজন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১০ জন ও একজন গ্রাম পুলিশসহ মোট ১৫ জন মোতায়েন থাকবে। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন পুলিশ, অস্ত্রসহ দুইজন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১০ জন ও একজন গ্রাম পুলিশসহ মোট ১৬ জন মোতায়েন থাকবে।
এছাড়া পুলিশ, এপিবিএন ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে ১০টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স তিনটি, ৩ প্লাটুন বিজিবি ও র্যাবের তিনটি টিম মোতায়েন থাকবে। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জন নির্বাহী হাকিম ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
সিটি কর্পোরেশ নির্বাচন
সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সাধারণ কেন্দ্রে সাতজন পুলিশ, অস্ত্রসহ তিনজন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১২ জনসহ মোট ২২ জন মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে সাতজন পুলিশ, অস্ত্রসহ পাঁচজন আনসার এবং অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য ১২ জনসহ মোট ২৪ জন মোতায়েন থাকবে।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে পুলিশের চারটি ও র্যাবের তিনটি টিম, খুলনা সিটি কর্পোরেশনের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে পুলিশের তিনটি ও র্যাবের দুটি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
