২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাল ৫টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান বন্ধ গ্রহণযোগ্য নয়: সংস্কৃতিমন্ত্রী

পহেলা বৈশাখে বিকাল ৫টার মধ্যে সব ধরনের উন্মুক্ত সাংস্কৃতিক আয়োজন বন্ধের প্রশাসনিক সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 01:34 AM

Updated : 11 Oct 2022, 12:14 PM

পহেলা বৈশাখ উপলক্ষে রোববার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি বলেন, “বিকাল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্তটি গ্রহণযোগ্য নয়। আমরা সাংস্কৃতিক জাগরণের কথা বলছি। কিন্তু এ ধরনের সিদ্ধান্তের কারণে যে অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি তারা পরোক্ষভাবে লাভবান হচ্ছে।”

আসাদুজ্জামান নূর বলেন, “যারা ঘর থেকে বের হতে যাচ্ছেন, আমরা তাদের ঘরে ঢোকাতে চেষ্টা করছি। উপরন্তু যাদেরকে আমরা দমন করতে চাচ্ছি, তারাই এ সুযোগে প্রকাশ্যে তাদের কর্মকাণ্ড চালাতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।”

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যৌন নিপীড়নের ঘটনার পর ২০১৬ সালে বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়।

Image
আসাদুজ্জামান নূর, ফাইল ছবি

আসাদুজ্জামান নূর, ফাইল ছবি

তবে তাতে আনন্দ উদযাপনে ভাটা পড়েনি নগরবাসীর। টিএসসি, চারুকলা অনুষদ ছাড়াও হাতিরঝিল ও বসুন্ধরা আবাসিক এলাকার তিনশ ফুটের মতো উন্মুক্ত স্থানে রাতভর মানুষের সমাগম থাকে।

বিষয়টি উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, “যারা রাতভর বাইরে থাকছেন, তাদের নিরাপত্তা দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই। পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকাল ৫টার পরে চললে তারা নিরাপত্তা দেওয়ার সক্ষমতা রাখেন।”

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশিষ কুমার সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্ত দপ্তর, অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই বছর আগে ওই প্রশাসনিক সিদ্ধান্তের পরে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিবাদ জানিয়েছিল। এরপর গত দুই বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান বাতিল করে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠনটি।

এ বিষয়ে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্তটি অবশ্যই সরকারের পুনর্বিবেচনা করা উচিত। কারণ, যত বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ততবেশি জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পাবে।

তারা এবার পহেলা বৈশাখে রবীন্দ্র সরোবরে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, “যদি সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে, তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।”

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়, শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপী নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করবে, যাতে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানও থাকবে। এছাড়া জাতীয় গণগ্রন্থাগার, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, শিশু একাডেমি, জাতীয় জাদুঘর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট ও একাডেমিগুলোতেও নববর্ষের আয়োজন থাকবে।

এছাড়া বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলা একাডেমি ও বিসিকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে দশ দিনব্যাপী বাংলা নববর্ষের মেলা।

প্রতি বছরের মতো বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়া দেশের প্রতিটি কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানায়) ঐতিহ্যবাহী বাঙালি খাবার সরবরাহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।