প্রতিবেশীদের সঙ্গে ‘পানির ভাগাভাগি ছাড়া বিকল্প নেই’
গঙ্গা-মেঘনা-ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় পানি সঙ্কট কাটিয়ে উঠতে হলে প্রতিবেশী দেশ ভারত, ভুটান ও নেপালের সঙ্গে একটি সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিশ্ব পানি দিবস উপলক্ষে রোববার এক সেমিনারে তিনি বলেন, “উজানের নদীর পানির ব্যবস্থাপনা নিয়ে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাংলাদেশের একটি সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলা দরকার। ইতিবাচক কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে আবদ্ধ হতে হবে যে, উজানের দেশগুলোও আধাআধি পানি পাবে।
“বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে বলি, পানির ভাগাভাগি ছাড়া বিকল্প কিছু নেই। চুক্তি না হলে তা আমাদের অর্থনীতির জন্য অশনি সংকেত।”
বিশ্ব পানি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ম্যানেজমেন্ট ইন ওয়াটার রিসোর্সেস ইন বাংলাদেশ: এক্সপ্লোরিং অ্যান্ড আনএক্সপ্লোরড’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে ঢাকা স্কুল অব ইকোনমিক্স, উল্লাসী সৃজনী সংস্থা ও রিভারাইন পিপল ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডস।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ।
সভায় ইনু বলেন, দেশের ২৪ হাজার কিলোমিটার নদী পথের মধ্যে শুষ্ক মৌসুমে মাত্র ৩৮০০ কিলোমিটার নদীপথে নাব্য থাকে।
নাব্য সঙ্কটে কাটাতে নিয়মিত ড্রেজিংয়ের কথা বলেন তিনি। কৃষি ও শিল্পে পানির সুষম বণ্টন ও ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দূষিত পানির শোধনাগার স্থাপনের উপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি শোধন করতে প্রযুক্তির ব্যবহার এবং দুর্গম পাহাড়ি এলাকায় মিঠা পানির সরবরাহ নিয়েও নানা পরামর্শ দেন ইনু।
তিনি বলেন, “মুনাফা বা বাণিজ্যের ভিত্তিতে নয়, সামাজিক ও মানবিকভাবে পানির সমস্যা নিয়ে ভাবতে হবে। মানুষের কাছে কম দামে সুপেয় পানি সরবরাহ করতে হবে। রাষ্ট্র কীভাবে অর্থায়ন করবে সেটা নিশ্চিৎ করা উচিৎ।”
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দুই দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে বলে বলা হয়। এছাড়া যে কোনো সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি পাবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়। এরপর ভারতে ক্ষমতার পালাবদলের পর বিজেপি নেতা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বেশ কয়েক দফায় এ বিষয়ে আশ্বাস মিললেও চুক্তি এখনও হয়নি।
