দেশে ফিরেছেন স্বজনরাও, আর্মি স্টেডিয়ামে অপেক্ষা
ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় হতাহত যাত্রীদের স্বজনদের মধ্যে যারা কাঠমান্ডুতে গিয়েছিলেন, তারা দেশে ফিরে এসেছেন।
সোমবার দুপুরে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দুর্ঘটনায় বেঁচে যাওয়া দশ বাংলাদেশির মধ্যে কবির হোসেনও একই ফ্লাইটে দেশে ফেরেন।
বিমানবন্দর থেকে স্বজনদের নিয়ে যাওয়া হয় ঢাকার আর্মি স্টেডিয়ামে। নিহতদের পরিবারের অন্য সদস্যরাও সেখানে জড়ো হয়েছেন।
এদিকে কাঠমান্ডুতে ওই বিমান দুর্ঘটনায় আহত মালদ্বীপের নাগরিক আব্দুল্লাহ রেজানাকেও সোমবার দুপুরে ইউএস-বাংলার ফ্লাইটে বাংলাদেশে আনা হয়েছে। স্বামীর চাকরিসূত্রে ঢাকার বনানীতেই তিনি থাকেন।
ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১ গত ১২ মার্চ ঢাকা থেকে রওনা হয়েছিল চার ক্রুসহ ৭১জন আরোহী নিয়ে। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হলে ২৬ জন বাংলাদেশিসহ ৪৯ আরোহীর মৃত্যু হয়।
