যুদ্ধদিনের স্মৃতিতে ফিরতে ‘অদম্য পদযাত্রা’
মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারের জাতীয় স্মৃতি সৌধ পর্যন্ত পদযাত্রা করবে একদল অভিযাত্রী।
মুক্তিযুদ্ধ জাদুঘরের পৃষ্ঠপোষকতায় পর্বতারোহী দল ‘অভিযাত্রী’ গত কয়েক বছরের মত এবারও এ পদযাত্রার আয়োজন করেছে।
‘শোক থেকে শক্তি-অদম্য পদযাত্রা’ শিরোনামে এই আয়োজনে মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় অনুদানও সংগ্রহ করা হবে।
শুক্রবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এভারেস্টজয়ী নিশাত মজুমদার বলেন, ২৬ মার্চ ভোর ৫টা থেকে ৬টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে পদযাত্রা।
সিটি কলেজ, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ, রায়েরবাজার বধ্যভূমি, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, দিয়াবাড়ি ঘাট, সাদুল্ল্যাপুর ঘাট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো হয়ে অভিযাত্রী দল সন্ধ্যায় স্মৃতিসৌধে পৌঁছাবে।
পুরো পথ না হেঁটে অন্তত এক মাইল হাঁটায় অংশ নিয়েও এ কর্মসূচিতে যুক্ত হওয়া যাবে বলে জানান নিশাত।
২০১৩ সাল থেকে এমন আয়োজন করে আসছে ‘অভিযাত্রী’। ২০১৬ সালে এর সঙ্গে যুক্ত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। গতবার থেকে কর্মসূচির অর্জিত অনুদান যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে।
নিশাত বলেন, “আমাদের এই কর্মসূচি কোনো প্রতিযোগিতা নয়। এটি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় মানুষের কষ্ট ও ত্যাগ অনুভবের, শ্রদ্ধার।”
আয়োজকরা আশা করছেন, তাদের এ কর্মসূচি ধীরে ধীরে সারাদেশে সব জেলায় উপজেলায় ছড়িয়ে পড়বে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরওয়ার আলী বলেন, “অতীতে এ ধরনের কর্মসূচি থেকে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের ফান্ডে এসেছে। এটা হচ্ছে জাদুঘরের প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ। “
অন্যবছর এ কর্মসূচিতে অংশ নিতে এক হাজার টাকা ধার্য করা হলেও এবার অনুদানের সীমা বেঁধে দেওয়া হয়নি। অংশগ্রহণকারীরা চাইলে নিজের সামর্থ্য ও ইচ্ছা অনুযায়ী অনুদান দিতে পারবেন বলে আয়োজকরা জানান।
পদযাত্রায় অংশ নিতে নিবন্ধনের জন্য ০১৭১৮০২৯৭৫৩ অথবা ০১৮১৪৭৯২৬২৫ নম্বরে যোগাযোগ করতে হবে।
