নিহত পাইলট, কো-পাইলটের বাসায় আ. লীগ নেতারা
নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ ও যাত্রী তাহিরা তানভীন শশীর বাসায় গিয়ে স্বজনদের সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা বৃহস্পতিবার বিকালে ক্যাপ্টেন আবিদের উত্তরার বাসায়, পৃথুলার মিরপুরের ডিওএইচএসের বাসায় এবং শশীর মোহাম্মদপুরের বাসায় যান। স্বজনদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি সমবেদনা প্রকাশ করেন।
সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হেসেন ও স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
