২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডির ফ্ল্যাটে ইয়াবার আখড়া কক্সবাজারের ব্যবসায়ীর

রাজধানীর ধানমণ্ডিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঢাকা কলেজ পড়ুয়া ছোট ভাইয়ের মাধ্যমে ইয়াবা সেবন ও বিক্রির আখড়া গড়ে তুলেছিলেন কক্সবাজারের এক ব্যবসায়ী।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 07:13 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

মো. আলম (৪০) ও তার ছোট ভাই জসিম উদ্দিনসহ (২৩) চারজনকে বুধবার সন্ধ্যায় সোয়া লাখ ইয়াবাসহ ওই ফ্ল্যাট থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। জসিম ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার উজ জামান জানিয়েছেন।

বৃহস্পতিবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিম ধানমন্ডির ১৯ নম্বর সড়কে ‘স্বপ্ননীড়’ নামের ১৫৩/এ নম্বর ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন আলম।

“ছোট ভাই জসিমকে পাশেই একই সড়কের ২০৮/এ ভবনের একটি ফ্ল্যাট ভাড়া করে দিয়ে সেখানেই ইয়াবা সেবন ও বিক্রি করত তারা।”

আলমের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার অপর দুজন মো. সালাউদ্দিন (২৭) ও মো. মিজানুর রহমানের (৩৩)  বাড়িও কক্সবাজারে।

র‌্যাব কর্মকর্তা আনোয়ার বলেন, আলমের লেখাপড়া তৃতীয় শ্রেণি পর্যন্ত। বেশ আগেই কক্সবাজারে কটেজ ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। পরে নতুন-পুরাতন গাড়ির ব্যবসা শুরু করেন। মাঝে চিংড়ি পোনা আর জমি কেনাবেচায়ও জড়িয়েছিলেন।

“এক পর্যায়ে সে ইয়াবায় আসক্ত হয়ে পড়ে। ইয়াবা কিনতে গিয়ে ব্যবসায়ীদের সাথে পরিচয়ের সূত্রে সে ব্যবসায় জড়িয়ে যায় এবং বড় বড় চালান আনা-নেওয়া করে। মিয়ানমার থেকে ইয়াবা আনার পর তার কটেজে রাখত এবং তার নিজের গাড়ির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিত।”

ছোট ভাই জসিমের বন্ধুদের মাধ্যমে আলম ঢাকায় ইয়াবা বিক্রির একটি চক্র গড়ে তোলেন বলে জানান তিনি।

“গ্রেপ্তার অপর দুইজন আলমের সহযোগী। তাদের মধ্যে মিজানুর গাড়িচালক এবং সালাউদ্দিন গাড়ির মিস্ত্রী। তারা আলমের সাথে যোগসাজশ করে এই ব্যবসা চালিয়ে আসছিল।”

অর্ধ লক্ষ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাকার মুরাদপুর, গুলিস্তান ও খিলগাঁও এলাকা থেকে ৪৮ হাজার ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে ও বুধবার গভীর রাতে অধিদপ্তরের গোয়েন্দা দলের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংস্থাটির উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জুলহাস তালুকদার (৪৫), শেখ মো. নজরুল ইসলাম (৪০), মো. আমজাদ হোসেন সিকদার (৪৪) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৮)।

সকালে মুরাদপুর এলাকা থেকে ১৯ হাজার ১০০টি ইয়াবাসহ জুলহাস ও নজরুলকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলহাস ও নজরুল সিলভারের হাঁড়ি পাতিলের ব্যবসায়ের আড়ালে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এতে তারা ৮-১০ সদস্যের দলকে ব্যবহার করতেন।”

তাদের বিরুদ্ধে অধিদপ্তরের খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. সুমনুর রহমান বাদি হয়ে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

বুধবার রাতে গুলিস্তান রাজ হোটেলের সামনে থেকে চট্টগ্রামের সাতকানিয়ার আমজাদ হোসেন ও তার স্ত্রী সেলিনাকে আট হাজারটি ইয়াবাসহ অধিদপ্তরের কর্মকর্তারা গ্রেপ্তার করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

“এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদে খিলগাঁওয়ে তাদের ভাড়া ফ্ল্যাট থেকে আরও ২১ হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়।”

মিয়ানমার থেকে আসা টেকনাফের বড়ইতলার এক ইয়াবা ব্যবসায়ী থেকে এসব ট্যাবলেট ঢাকায় পাচারে এই দম্পতি কাজ করতের বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

তাদের বিরুদ্ধে অধিদপ্তরের ঢাকা গোয়েন্দার সুপার মো. ফজলুল হক খান বাদী হয়ে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।