মিরপুরে দুদকের শুনানিতে অভিযোগে জেরবার ওয়াসা কর্মকর্তারা
রাজধানীর মিরপুরে দুদকের এক গণশুনানিতে উপস্থিত হয়ে গ্রাহকদের বহু অভিযোগের মুখে পড়েছেন ওয়াসা কর্মকর্তারা। কোনো কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও অনেক বিষয় এড়িয়ে গেছেন তারা।
শুনানিতে অংশ নিয়ে এলাকাবাসী অভিযোগ করেন, মিরপুরের বিভিন্ন এলাকায় পানির জন্য হাহাকার চলছে। পানি পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। বিরতি দিয়ে পানি এলেও তা দুর্গন্ধযুক্ত ও ব্যবহারের অনুপযোগী।
এই অবস্থার জন্য ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তাদের ‘অবহেলা, উদাসীনতা, অনিয়ম ও দুর্নীতিকে’ দায়ী করেন তারা।
বুধবার ঢাকার মিরপুরের বিআইবিএম মিলনায়তনে ওয়াসার মডস জোন-৪ ও জোন-১০ এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা ও ঢাকা ওয়াসার কার্যক্রম নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এই গণশুনানি হয়।
দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে গণশুনানিতে ওয়াসার এমডি তাকসিম এ খান, ডিএমডি (অর্থ) উত্তম কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে মিরপুরের বাউনিয়ার বাসিন্দা মো. মোশাররফ বলেন, “ওয়াসার রাজস্ব পরিদর্শক বলেছেন, ঘুষ দিলে বিলের টাকা কমিয়ে দেওয়া হবে।”
জবাবে ওয়াসা এমডি তাকসিম এ খান বলেন, “বিল কমানোর কোনো সুযোগ নেই।”
অভিযোগকারীকে অফিসে যেতে বলেন তিনি: “অফিসে গেলে রাজস্ব পরিদর্শকের সামনে এ নিয়ে কথা হবে।”
বড়বাগের জাহাঙ্গীর আলম বলেন, “পানি খুবই সামান্য পাওয়া যায়। তারপরও সেটা ময়লা ও দুর্গন্ধযুক্ত।”
বড়বাগের পপুলার হাউজিংয়ের মারুফ মিল্লাতের অভিযোগ, কখনো রাত ২টার পর, আবার কখনও রাত ৩টার পর কিছু পানি পাওয়া যায়।
“এই পানি দিয়ে জীবন চলে না।”
একই এলাকার অন্য গলির বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “আমাদের এলাকায় পানি নেই বললেই চলে। এলাকাটিকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করা হোক।”
এ সময় কয়েকজন গণশুনানি মঞ্চের সামনে দাঁড়িয়ে অভিযোগ করেন, পানির অবৈধ সংযোগের কারণেই ওই এলাকায় পানি নেই।
যাদের অবৈধ সংযোগ দেওয়া হয়েছে তারা নির্বাহী প্রকৌশলীর ‘খাতিরের লোক’ বলেও অভিযোগ করেন তারা।
মিরপুর-১০ এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, “দিনের বেলায় পানি থাকে না। পানি পাওয়া যায় রাত ৩টা থেকে ৬টা মধ্যে। প্রতিনিয়ত ঘণ্টার পর ঘণ্টা রাত জেগে থাকতে হয়।”
বড়বাগের আবদুল মতিন বলেন, “মিটারের ত্রুটির কারণে বিল আসত ১৭ হাজার থেকে ২৩ হাজার টাকা। মিটার পরিবর্তনের পর বিল আসছে সাত হাজার টাকা।”
বড়বাগের মোয়াজ্জেম হোসেন বলেন, “পাম্পের চাবি খুলে অন্য এলাকায় পানি সরবরাহ করা হয়, আমরা পানি পাই না। একটু পানির জন্য কত যে হাহাকার এটি বলে শেষ করা যাবে না।”
উত্তর ইব্রাহিমপুরের তৌহিদুর রহমান বলেন, “মিটার রিডার মিটার না দেখেই বিল করে দেয়। তাতে বিলের পরিমাণ বেশি আসে।”
গণশুনানির মঞ্চে থাকা ওয়াসার মডস জোন-৪ এর নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ, একই জোনের কর্মকর্তা নাসির উদ্দিন, জোন-১০ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল হাবিব চৌধুরী ও একই জোনের কর্মকর্তা মো. শাহাদত হোসেন বহু অভিযোগ এড়িয়ে যান।
কোনো কোনো অভিযোগ সমাধানের আশ্বাসের পাশাপাশি ঘুষ দাবি করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারা।
গণশুনানিতে দুদক কমিশনার নাসির উদ্দিন গ্রাহকদের উদ্দেশে বলেন, “প্রতারণা বা সেবার নামে ওয়াসার কোনো কর্মকর্তা ঘুষ চাইলে আপনারা গোপনে দুদকের কাছে খবর পৌঁছে দেবেন।”
ফাঁদ পেতে ওই সব অসৎ কর্মকর্তাকে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে তিনি বলেন, “ওই সব কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক থেকে অনুসসন্ধান করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ওয়াসার কর্মকর্তাদের উদ্দেশে নাসির উদ্দিন আহমেদ বলেন, “আপনারা কোনোভাবেই সেবা গ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না।”
আগামী ২ মে বিআইবিএম মিলনায়নেই এই গণশুনানির ফলোআপ গণশুনানি হবে বলে জানান তিনি।
ওয়াসার এমডি তাকসিম এ খান বলেন, “স্বচ্ছতা নিশ্চিৎ করতে পানি ব্যবস্থাপনাকে শতভাগ অটোমেশনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। কোনো বিলে যাতে মানুষের হাত দিতে না হয় সেই পদ্ধতি চালু করা হবে। কোনো গ্রাহককে অফিসে যেতে হবে না। বিল অনলাইনে পরিশোধ করা যাবে। কোনো সমস্যা থাকলে ওয়াসার হটলাইনে ফোন করে জানানোর জন্য অনুরোধ করছি।”
দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের সঞ্চালনায় গণশুনানিতে কমিশনের পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
