অর্কিডের নাম শেখ হাসিনা
সিঙ্গাপুরের বিখ্যাত বোটানিক গার্ডেনসের ন্যাশনার অর্কিড গার্ডেনে একটি অর্কিডের নামকরণ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।
মঙ্গলবার সকালে বিশ্ব ঐতিহ্যের অংশ ওই উদ্যানে বঙ্গবন্ধু কন্যা নিজেই Dendrobium Sheikh Hasina এর উদ্বোধন করেন।
Dendrobium Sunplaza Park এবং Dendrobium Seletar Chocolat জাতের সংকর ঘটিয়ে নতুন এই প্রজাতির উদ্ভাবন করেছেন সিঙ্গাপুরের ন্যাশনাল অর্কিড গার্ডেন নার্সারির ব্যবস্থাপক ডেভিড লিম।
ডেভিড লিম জানান, আড়াই বছর আগে নতুন এই জাতের অর্কিডের বীজ তৈরি করা হয়।
সিঙ্গাপুর বোটানিকাল গার্ডেনস গ্রুপ ডিরেক্টর নাইজেল টেইলর সি হর্ট অনুষ্ঠানে বাংলাদেশের সরকারপ্রধানের হাতে একটি সদন তুলে দেন।
দুই নাতি ও নাতনিকে সঙ্গে নিয়ে ‘Dendrobium Sheikh Hasina’ নামফলক বসিয়ে ওই অর্কিডের উদ্বোধন করেন শেখ হাসিনা। পরে তিনি অর্কিড বাগান ঘুরে দেখেন।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “আমি মনে করি এটা বাংলাদেশের জন্য বিশাল সম্মানের। এটা আমি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি। এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।”
বাংলাদেশেও যে এখন ফুলের চাষ বেড়েছে- সে কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ফুল সৌন্দর্যের প্রতীক। ব্যবসা আর সৌন্দর্য... ভালবাসা নিবেদন সব ক্ষেত্রেই ফুল ব্যবহার করা হয়।”
ডেভিড লিম জানান, সিঙ্গাপুরের রীতি অনুসারে ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় আড়াইশ রাষ্ট্র ও সরকার প্রধানের নামে স্থানীয় অর্কিডের নামকরণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবাসহ চীনের প্রেসিডেন্ট এবং জাপানের সম্রাটের নামেও অর্কিডের নামকরণ করা হয়েছে সিঙ্গাপুরে।
