শুরু হয়েছে আবৃত্তি উৎসব ‘শেকল ভাঙ্গার পদ্য’
আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের আয়োজনে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসব ‘শেকল ভাঙ্গার পদ্য’।
দুই দিনব্যাপী আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ, প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক।
তুলিকা, অঙ্কন শিক্ষালয় ও সংস্কৃতি বিকাশ কেন্দ্রের শিশুদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর উপস্থিত অতিথিরা মশাল জ্বালিয়ে এর উদ্বোধন করেন।
বাকশিল্পাঙ্গনের সভাপতি নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর সম্মাননা জানানো হয়েছে একাত্তরে বাংলাদেশেরর শরণার্থীদের পাশে দাঁড়ানো ভারতীয় চিকিৎসক বসন্ত কুমার রায়কে। ডাক্তার বসন্ত ১৯৭১ সালে জলপাইগুড়ির বলরাম শরণার্থী শিবিরে অস্থায়ী হাসপাতাল গড়ে তুলেছিলেন।
অনুষ্ঠানে তার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বসন্ত রায়ের ভাতিজা দীপক রায়।
আবৃত্তি পরিবেশনা পর্বে বাকশিল্পাঙ্গন পরিবেশন করে আবৃত্তি প্রযোজনা ‘দেশ ছাড়া ঘর হারা’। মনোয়ার মাহমুদ জুয়েলের গ্রন্থনায় এর নির্দেশনা দিয়েছেন আজহারুল হক আজাদ। পরে আবৃত্তি সংগঠন স্বরচিত্র পরিবেশন করে ‘আর কত রক্তের দরকার হবে’।
আবৃত্তিশিল্পী হাসান আরিফ পরিবেশন করেন তার আবৃত্তি প্রযোজনা ‘ছিন্ন ডানার মানুষ পাখি’। একক আবৃত্তি পরিবেশন করেন মাহিদুল ইসলাম, লায়লা আফরোজ, বেলায়েত হোসেন, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন নিপু, ফয়জুল আলম পাপ্পু, মাসুদুজ্জামান, মাহফুজ মাসুম, সোহেল আনোয়ার, মাহমুদা আক্তার, সামসুজ্জামান বাবু, সুলতান মাহমুদ শ্রাবণ, আফরোজ জাহান, উজ্জ্বল আকাশ, রেজওয়ানুল কবির সুমন ও সায়মুল হক।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে শনিবার বিকাল সাড়ে ৫টায়।
শুরু হল চিত্রকর্ম প্রদর্শনী ‘জলকন্যা’
নারী দিবস উদযাপনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হয়েছে ২০ নারী চিত্রশিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী ‘জলকন্যা’। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে জলরঙে আঁকা ৪৩টি ছবি। এগুলো এঁকেছেন সালমা শিরিন, ফাতেমা আক্তার, সুপর্ণা এলিস গমেজ, প্রভাতী ঝর্ণা ও গৌরী শংকর ধররা।
এ প্রদর্শনী চলবে ১২ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনীর দুয়ার।
শিল্পাঙ্গণে ‘অয়েল হেড’
শিল্পী রুহুল আমিন কাজলের নিরীক্ষাধর্মী কাজ নিয়ে শুক্রবার থেকে ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে একক প্রদর্শনী ‘অয়েল হেড’। সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন প্রদর্শনীর উদ্বোধন করেন ।
প্রদর্শনী চলবে ১৮ মার্চ পর্যন্ত।
আমিন কাজল বলেন, “সবগুলো কাজই নিরীক্ষাধর্মী। অনেকটা মজা করেই শুরু করেছিলাম। কিন্তু ক্যানভাসে আঁকতে গিয়েই তা পাল্টে গেল। নয়টি ছবি আগে আঁকা। আর প্রদর্শনীর মধ্যেই আরেকটি ছবি আঁকছি।”
