ঢাবিতে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে গণিত অলিম্পিয়াড
আন্তর্জাতিক নারী দিবসে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে ‘উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড’।
উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড কমিটি এবং স্যার এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার এই আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ১৭৯ জন শিক্ষার্থী এতে অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সকাল ১০টায় এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। বিকাল ৩টায় গণিত বিষয়ে উপস্থাপনা, বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থ দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধিকারকর্মী সুলতানা কামাল।
বক্তব্যে তিনি বলেন, “আপনারা নারীরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন তাদের দেখলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। তাদের দেখে আমার মনে হয়, এই দেশে নারীরা এগিয়ে গেছে।”
নারী দিবসের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “নারীদের আকুতি, দাবি কর্তৃপক্ষের কানে পৌঁছাতে কত দীর্ঘ সময় লাগে!"
নারী শিক্ষা ও অধিকারের সংগ্রামে মহীয়সী নারী নবাব ফয়জুন্নেসা, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জাহানারা ইমাম, লীলা নাগ, প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা তুলে ধরে সুলতানা কামাল বলেন, “এই মানুষদের সম্পর্কে ভালো করে জানলে আমরা বুঝতে পারব, আমরা কাদের উত্তরাধিকারী। যখন আমরা বুঝতে পারব আমরা কাদের উত্তরাধিকারী তখন কেউ আমাদের বলতে পারবে না, তোমরা মেয়েরা ক্লাস ফাইভ পর্যন্ত পড়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপ কামাল উদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “যে কোনো দেশই অগ্রসর হতে হলে ৫০ ভাগ নারীকে উৎপাদনশীল হতে হয়। এই কর্মক্ষম শিক্ষিত সমাজ তৈরির জন্য এ রকম অলিম্পিয়াড আয়োজন দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়ে ৮০-৯০ শতাংশ ডিনস এওয়ার্ড মেয়েরাই পাচ্ছে। এ থেকে বোঝা যায়, এখানে মেয়েরা অনেক এগিয়ে আছে।”
বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়েশা মোস্তাক অলিম্পিয়াডে প্রথম হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের স্বর্ণা চৌধুরী হন প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ হন গণিত বিভাগের আসমা আক্তার আঁখি। মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়।
