কুড়িল-বসুন্ধরায় টেলিফোন বিকল, ইন্টারনেটে বিঘ্ন
রাজধানীর কুড়িল বাসস্টেশন এলাকায় পয়ঃনিষ্কাশন লাইন স্থাপনের কাজে রাস্তা খোঁড়ার সময় বিটিসিএলের অপটিক্যাল ফাইবারসহ ভূ-গর্ভস্থ কেবল ক্ষতিগ্রস্থ হয়ে সংশ্লিষ্ট এলাকায় প্রায় আড়াই হাজার টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে।
ওই এলাকায় ইন্টারনেট সেবাও বিঘ্নিত হচ্ছে বলে বৃহস্পতিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্নয়ন কাজ চলাকালে মঙ্গলবার রাতে বিটিসিএলের ২০০০ ও ২০০ জোড়ার দুটি ভূ-গর্ভস্থ প্রাইমারি কেবল এবং বারিধারা ও বসুন্ধরার দুটি এক্সচেঞ্জের মধ্যে স্থাপিত অপটিক্যাল ফাইবার কেবল কাটা পড়ে।
ফলে কুড়িল, বসুন্ধরা এলাকা, যমুনা ফিউচার পার্ক ও এর পার্শ্ববর্তী এলাকার টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়ে; এতে ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে।
আগামী দুই দিনের মধ্যে টেলিফোন সংযোগগুলো পর্যায়ক্রমে চালু করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিটিসিএল।
