২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ-বিএনপির ৩ এমপির দুর্নীতি তদন্তে দুদক

আওয়ামী লীগের সাংসদ মিজানুর রহমান এবং বিএনপির সাবেক সাংসদ রুহুল কুদ্দুস দুলু ও আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 04:58 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

বৃহস্পতিবার নেওয়া কমিশনের এই সিদ্ধান্তের কথা দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারি কাজে পরিবারের সদস্যদের নামে কাজ নিয়ে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ ও মাদকের ব্যবসা করে শত কোটি টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বিএনপির সাবেক এমপি রুহুল কুদ্দুস দুলুর বিরুদ্ধে অভিযোগ, বিএনপি সরকারের আমলে নাটোরের বিভিন্ন সরকারি প্রকল্পে টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করে ৫০০ কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এছাড়া বিএনপির আরেক সাবেক এমপি আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে অভিযোগ, বিএনপি সরকারের আমলে লালমনিরহাট ও রংপুর অঞ্চলের টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।