কল্যাণপুরে গ্যাসের আগুনে পরিবারের পাঁচজন দগ্ধ
রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে শিশুসহ পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
বুধবার রাত ৯টার দিকে কল্যাণপুরের ২ নম্বর সড়কের পাঁচ তলা একটি ভবনের চারতলার ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দগ্ধদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান।
দগ্ধরা হলেন- ফ্ল্যাটের বাসিন্দা মো. আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩০), তাদের শিশু মেয়ে আফরিদা আকতার ফাতেমা, রীনার বোন আরজু বেগম (২৮) এবং তার স্বামী নজরুল ইসলাম।
রাত ১০টার দিকে তাদের হাসপাতালে আনা হয়। মালেক ও নজরুল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বেশি দগ্ধ রীনা, ফাতেমা ও আরজুকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
১১ মাস বয়সী ফাতেমার শরীরের ৪৭ শতাংশ এবং তার খালা আরজুর দেহের ৮৫ শতাংশ পুড়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে এখনও জানেন না তিনি।
“আমাদের কাছে কেউ বলেনি বা কোন অভিযোগও আসেনি। এরপরেও আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি।”
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বলেন, কীভাবে লেগেছে আগুন তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।
