সমাবেশে যানজট: কাদেরের দুঃখপ্রকাশ
সাতই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে রাজধানীতে অসহনীয় যানজটের জন্য নগরবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর প্রাণকেন্দ্রে এই জনসভাকে কেন্দ্র করে নগরবাসী অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। সোহরাওয়াদী উদ্যানে উদ্যানের চারদিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
শাহবাগ থেকে মৎস্যভবন, শাহবাগ-দেয়েল চত্বর, বাংলামোটর মোড় থেকে কাকরাইল মসজিদ হয়ে মৎস্যভবন মোড় পর্যন্ত রাস্তা সাধারণ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাইন্স ল্যাবরেটরি থেকে মতিঝিলগামী যানবাহনগুলোকে অন্যপথে যেতে হচ্ছে।
এছাড়া কাওরান বাজার মোড়, বাংলামোটর মোড় মতিঝিল ও সচিবালয়গামী গাড়িগুলোকে ঘুরিয়ে দিয়ে মগবাজার সড়ক দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে মতিঝিল ও কাকরাইল থেকে যে গাড়িগুলো ধানমণ্ডি, মোহাম্মদপুর, বনানী এবং মিরপুরগামী গাড়িগুলোকেও বিকল্প সড়কের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে করেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
রাজধানীবাসীর প্রতি দুঃখপ্রকাশ করে তিনি বলেন, “প্লিজ, সহনশীল দৃষ্টিতে দিবসটি পালনে সহায়তা করবেন।”
তার বক্তব্যের পরে ধর্মগ্রন্থ পাঠের মধ্যে দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
