সমাজে পথ নির্ধারণে শিল্পীর ভূমিকাই বড়: ইনু
সমাজ পরিবর্তনে শিল্পীদের বড় ভূমিকার কথা বললেন রাজনীতিক হাসানুল হক ইনু।
সোমবার সন্ধ্যায় ঢাকার ধানমণ্ডিতে গ্যালারি চিত্রকে ১১ দিনব্যাপী ১১ জন চিত্রকরের চিত্রকলা প্রদর্শনী 'ফ্রেম ৭৪' উদ্বোধনের সময় তথ্যমন্ত্রী ইনু একথা বলেন বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, “সামনের পথ নির্ধারণেই শিল্পের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। ভূমিকা রয়েছে শিল্পীদের, তাদের নানা পন্থা সমাজ-রাজনীতি-দর্শনের পথ বাতলে দেয়।”
গ্যালারি চিত্রকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিত্রকর সমরজিৎ রায় চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে চিত্রকর শহীদ কবির, ড. আব্দুল ওয়াদুদ চৌধুরী বক্তব্য রাখেন।
প্রদর্শনীতে অংশ নেওয়া ১১ জন শিল্পীই ১৯৭৪ সালের শিক্ষার্থী। ঢাকা আর্ট কলেজের শেষ ব্যাচের শিক্ষার্থী তারা।
তারা হলেন- আজিজুল হক, এনামুল হক, ফরিদ হোসেন সিদ্দিকী, জি এম খলিলুর রহমান, আইভি জামান, মাহমুদুর রহমান অপু, পারভীন জামান শাম্মু, রাহাত নিলুফার, শাকিনা হোসেন, শামিনা শারমিন, ওয়াহিদ জামান টোকন।
গ্যালারির পুরো দেওয়াল জুড়ে ঠাঁই পেয়েছে ৬০টি চিত্রকর্ম। সেগুলো আঁকা হয়েছে উডকাট, জলরং, তেলরং, অ্যাক্রিলিক, ক্যালিগ্রাফসহ বিভিন্ন মাধ্যমে।
মূর্ত ও বিমূর্ত ধারার চিত্রকর্মগুলোর মধ্যে ‘বসন্ত’, ‘বাস্তবতা’, ‘অভিমান’, ‘যুদ্ধ’, ‘শিমুল বন’, ‘গাঁয়ের মেয়ে’,‘ চাঁদের বুড়ি’, ‘রঙের খেলা’, ‘বন্ধন’, ‘পানামা সিটি’ শিরোনামের ছবিগুলো উল্লেখযোগ্য।
প্রদর্শনী আগামী ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
শত নারীর শিল্পকর্ম প্রদর্শনী ‘মাধবীলতা’
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) চারুকলা বিভাগের প্রাক্তন ও বর্তমান শতাধিক নারী শিক্ষার্থী শিল্পীর অংশগ্রহণে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শিল্পকর্ম প্রদর্শনী ‘মাধবীলতা’।
যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পকলা একাডেমি ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগ।
সপ্তাহব্যাপী এ প্রদর্শনী শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
