২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের বছর জঙ্গি উত্থানের শঙ্কায় ঢাবি উপাচার্য

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রেক্ষাপটে নির্বাচনের বছর কেউ জঙ্গি উত্থানে উসকানি দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 10:25 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা মানববন্ধনে বক্তব্যে এই শঙ্কার কথা জানান তিনি।

সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষক অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, এই সময়ের জনপ্রিয় লেখক জাফর ইকবাল জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় উচ্চকণ্ঠ।

শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তাকে ছুরিকাঘাত করেন এক যুবক। ওই যুবক জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে এই ঘটনা ঘটান বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

মানববন্ধনে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “এই ২০১৮ সাল নির্বাচনের বছরে, গণতন্ত্রায়নের বছরে নানাবিধ অপশক্তির উত্থান ঘটবে, সেখানে কেউ হয়তবা জঙ্গিত্বের উত্থান ঘটাবে, কেউ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবে।”

জাফর ইকবালের উপর হামলাকারীর পেছনে আরও কেউ রয়েছে বলে সন্দেহ তার।

“বিচ্ছিন্ন একটি ছেলে শুধু জঙ্গিত্বের কারণে আঘাত হেনেছে, এক্ষেত্রে অন্য চিন্তা, অন্য ধারাকে যদি বিবেচনায় না রাখা হয়, তাহলেও কিন্তু বড় আকারের ঝুঁকি থাকবে।”

উপাচার্যের বক্তব্যের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালও নির্বাচনী বছরে আরও সতর্কতার সঙ্গে জঙ্গিবাদ মোকাবেলার পরামর্শ দেন।

তিনি বলেন, “এই বছর নির্বাচনী বছর। কুশীলবরা চায় যেভাবে পরিস্থিতিকে অস্থিতিশীল করা যায়।”

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদী তৎপরতা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর সঙ্গে বসে কর্মপ্রক্রিয়া ঠিক করার আহ্বান জানান তিনি।

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন মাকসুদ কামাল।

জঙ্গিবাদে ঝুঁকে পড়া থেকে শিক্ষার্থীদের রক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ‘ব্যর্থতার জায়গাগুলো’ খুঁজে বের করার পরামর্শ দেন  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।

“যে কোনো কারণে তারা যখন ধর্মের বিষয়ে অন্ধ হয়, তারা নিজের জীবনটিকে স্যাক্রিফাইস করে এবং কোনো তথ্য শেয়ার করে না, সেরকম ছাত্র বা মানুষ আমরা তৈরি করছি। সেই ব্যর্থতার জায়গাগুলো শিক্ষক হিসেবে আমাদের দেখতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক বলেন, “এই হামলাকে ব্যক্তি জাফর ইকবালের ওপর আঘাত হিসাবে দেখছি না। এই আঘাত মুক্তবুদ্ধির চর্চা ও মানবিক সমাজ প্রত্যাশী সকলের উপর আঘাত।”

শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাজিন আজিজ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল আজিজ, সিন্ডিকেট সদস্য চন্দ্রনাথ পোদ্দার, রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদা বক্তব্য দেন।

বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন, সাদা দলের নেতা অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক লুৎফর রহমানসহ কয়েকজন মানববন্ধনে অংশ নিলেও তাদের কেউ বক্তব্য দেননি।