২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবনে ভিয়েতনামের প্রেসিডেন্ট

জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 10:19 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

সোমবার বিকালে ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান সংসদে যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাই কুয়াং সংসদ ভবনের স্থাপত্যশৈলীর প্রশংসা করেন। তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ এবং বিভিন্ন লবি পরিদর্শন করেন।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ত্রান দাই কুয়াং। 

সাক্ষাতকালে তারা দুই দেশের স্বাধীনতা সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাকরণের জন্য নিজ নিজ দেশে গৃহীত কার্যক্রম এবং সংসদীয় রীতি-পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে।

বাংলাদেশে প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধ করে ইতোমধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার বয়স্ক ও বিধবা ভাতা দেওয়ার মাধ্যমে সমাজের দারিদ্র্যের হার ২৩ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের পার্লামেন্ট উপকৃত হতে পারে। তিনি সংসদীয় চর্চা ও গণতন্ত্র বিকাশে দুই দেশের সংসদ সদস্যদের সফর বিদ্যমান বন্ধুত্বকে আরও জোরদার করবে বলে আশা করেন।

স্পিকার এসময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল এবং ২৮টি আইটি পার্ক প্রতিষ্ঠার কথা তুলে সেখানে ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান জানান।

ভিয়েতনামের প্রেসিডেন্ট দাই কুয়াং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান হুইপ আ স ম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে রোববার ঢাকা পৌঁছান ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং।

গত ১৪ বছরে এটাই ভিয়েতনামের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম বাংলাদেশে প্রথম সফর। ত্রান দাই কুয়াংয়ের স্ত্রী গুয়েন থি হিয়েনও এই সফরে তার সঙ্গে আছেন।