হামিদ-দাই কুয়াং বৈঠক: দুই দেশের বাণিজ্য বাড়ানোর তাগিদ
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়াতে দুই দেশের যোগাযোগ আরও মজবুত করার কথা উঠে এসেছে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে।
সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়।
বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে ওই সাক্ষাতের পর রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনা খুবই উজ্জ্বল।
“তিনি এসব সম্ভাবনা কাজে লাগাতে দু’দেশের বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং আশা করেন ভিয়েতনামের প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে তার দেশের ব্যবসায়ী-বিনিয়োগে সফর এই প্রক্রিয়াকে তরান্বিত করবে।”
ভিয়েতনামের প্রেসিডেন্ট বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং আশা করেন যে বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।
ভিয়েতনামের প্রেসিডেন্ট দাই কুয়াং ও তার স্ত্রী গুয়েন থি হিয়েন বঙ্গভবনে পৌঁছালে আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
তিনি বাংলাদেশ-ভিয়েতনামের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে বলেন, এ সম্পর্ক ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।
ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফরকালে মৎস্য ও প্রাণিসম্পদ, যন্ত্র প্রকৌশল খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে ভিয়েতনামের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরর কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, এরফলে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, এটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি রোহিঙ্গাদের, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবর্তনে ভিয়েতনামের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আশিয়ানের ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হতে আগ্রহী। তিনি এ বিষয়ে ভিয়েতনামের সমর্থন আশা করেন।
এর পরিপ্রেক্ষিতে দাই কুয়াং তার দেশের সমর্থনের বিষয়ে আশ্বাস দেন বলে জানান প্রেস সচিব জয়নাল আবেদীন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদে পলক, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
পরে আবদুল হামিদের দেওয়া নৈশভোজে অংশ নেন দাই কুয়াং দম্পতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূতও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের দূত, সরকারের পদস্থ কর্মকর্তরা নৈশভোজে অংশ নেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সফরে রোববার ঢাকা পৌঁছান ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। গত ১৪ বছরে এটাই ভিয়েতনামের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম বাংলাদেশে প্রথম সফর।
