২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে উল্টে গেল তেলের লরি

ঢাকার শাহজালাল বিমানবন্দর গোল চত্বরের কাছে একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় যান চলাচল বিঘ্নিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 02:52 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল মান্নান জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনার কারণে সড়কের মহাখালী থেকে টঙ্গীমুখী অংশে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

তিনি জানান, মেঘনা পেট্রোলিয়ামের নারায়ণগঞ্জ ডিপো থেকে ডিজেল নিয়ে লরিটি টঙ্গীর এশিয়ান পেট্রোল পাম্পে যাচ্ছিল।

“বিমানবন্দর গোল চত্বরের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি পাশের আইল্যান্ডে ধাক্কা খায়। তাতে একটি চাকা খুলে গেলে লরিটি কাত হয়ে উল্টে পড়ে।”

আব্দুল মান্নান জানান, লরিটি তেলভর্তি হওয়ায় সেটি সরানো যাচ্ছিল না। পরে আরেকটি খালি লরি এনে তেল প্রতিস্থাপন করে বিকাল ৫টার দিকে এটি সরানো হয়।

বিকালে লরিটি তুলে দাঁড় করানোর সময় আবারও কিছু সময়ের জন্য ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বিকাল ৫টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান।