২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশে অস্থিরতার’ বার্তা দিতে জাফর ইকবালের ওপর হামলা: নূর

জাতীয় নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘বাংলাদেশে অস্থিরতার’ বার্তা দিতে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা হয়েছে বলে মনে করছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 07:28 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

জনপ্রিয় এই লেখকের ওপর হামলার নিন্দা জানিয়ে রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোটা দেশবাসী যখন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে তখন দেশে নৈরাজ্য সৃষ্টি করে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতেই এ হামলার ঘটনা ঘটেছে। উন্নয়নের রাজনীতি বিনষ্ট করার জন্য এ এক অপতৎপরতা।”

জামায়াতে ইসলামীর মতো ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো’ যতদিন থাকবে ততদিন বাংলাদেশে এমন ঘটনা ঘটতে থাকবে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, “এমন ঘটনা আগামীতে আর ঘটবে না, একথা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। জাফর ইকবালের মতো যারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার, তারাই বারবার টার্গেট হবেন। কারণ তাদের উপর হামলা হলে দেশে-বিদেশে প্রতিক্রিয়া হয়।”

Image
সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল

সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল

জাফর ইকবাল সব সময়ই সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। এজন্য বিভিন্ন সময় জঙ্গিদের হুমকি পেয়েছিলেন তিনি।

জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুর মাদ্রাসাছাত্র। এই প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান নূর বলেন, “যাদের দিয়ে এমন কাণ্ড ঘটানো হচ্ছে, তারা তো তরুণ, তারা আমাদের পরিবারের সন্তান। তাদের বিভ্রান্ত করে বিপথগামী করা হচ্ছে।

“কেন তারা বিপথগামী হচ্ছে, সে কারণগুলো অনুসন্ধান করতে হবে। কোথায় কোথায় আমাদের ঘাটতি রয়েছে, তা আমাদের খুঁজে বের করতে হবে।”

দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংস্কৃতিচর্চার সমন্বয়হীনতায় বরাবরই ক্ষোভ প্রকাশ করে আসছেন আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, “আমাদের ছেলে-মেয়েদের মাথায় ঢুকাতে হবে, এ দেশে সকল ধর্মের মানুষ সহনশীলতার সাথে সহাবস্থান করে। আমরা যারা বাংলায় কথা বলি, তারা সবাই বাঙালি। শিক্ষার সাথে এ চেতনার সমন্বয় ঘটাতেই হবে। নতুবা আমরা অনেক পিছিয়ে পড়ব।”