জঙ্গিরা পিছু হটেছে, হাল ছাড়েনি: ইনু
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার বিষয়টি ধরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিরা পিছু হটলেও হাল ছাড়েনি।
রোববার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আহত জাফর ইকবালকে দেখে আসার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।
শনিবার বিকালে নিজের ক্যাম্পাস সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করা হয়।
হামলাকারী তরুণকে আটক করা হয় সঙ্গে। তার জঙ্গি সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, “সিলেটে অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার ঘটনায় প্রমাণ করল যে, জঙ্গিরা পিছু হটলেও হাল ছাড়েনি।”
২০৩ সালের পর থেকে ধারাবাহিকভাবে লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট, সংস্কৃতিকর্মীদের উপর হামলা চলছিল, যার বড় প্রকাশ ঘটে ২০১৫ সালে গুলশানে হলি আর্টিজান বেকারিতে বিদেশিদের উপর হামলার মধ্য দিয়ে।
এরপর জঙ্গি দমনে সাঁড়াশি অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী; মারা পড়েন শীর্ষ জঙ্গিনেতারা, ধরাও পড়েন অনেকে।
এরপর আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষব্যক্তিরা বলে আসছিলেন, জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যেই জাফর ইকবালের উপর হামলা হল।
হাসানুল হক ইনু (ফাইল ছবি)
“সুতরাং একটাই রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হচ্ছে যে জঙ্গি সন্ত্রাসীদের প্রশ্নে, পৃষ্ঠপোষকদের প্রশ্নে রাজনৈতিক ছাড় দেওয়া যাবে না। এব্যাপারে জাতি ঐক্যবদ্ধ থাকা উচিৎ।”
