২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনের ‘যুদ্ধে’ কেবল শেখ হাসিনা ও আমি: ইনু 

জঙ্গি দমনের ‘যুদ্ধে’ নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র সঙ্গী বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 08:32 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাসদ ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি করেন জাসদ সভাপতি ইনু।

জঙ্গি দমনের কাজটিকে যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “আমি আর শেখ হাসিনা একাই লড়ে যাচ্ছি। শেখ হাসিনা আর জাসদ একাই লড়ে যাচ্ছে।”

বঙ্গবন্ধু আমলে জাসদ ও ইনুর ভূমিকা নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা নানা সময়ে প্রশ্ন তুলে আসছেন। তার মধ্যেই শুধু শেখ হাসিনার প্রশস্তি গেয়ে আওয়ামী লীগের জোট শরিক দলের সভাপতির এই বক্তব্য এল।

তবে শুধু দুজনের চেষ্টায় এই ‘যুদ্ধে’ জয়ী হওয়া সম্ভবপর নয় বলে মন্তব্য করেন ইনু। এই লড়াইয়ে সক্রিয় হতে ছাত্রদের প্রতি আহ্বান জানান তিনি।

ইনু বলেন, “জঙ্গি দমনের যুদ্ধ শেখ হাসিনা বা আমি ইনু, আমাদের দুজনের যুদ্ধ না, এই যুদ্ধ তো সবার। লক্ষ লক্ষ ছাত্রসমাজ তারা তো তেঁতুল হুজুরের বিরুদ্ধে বিদ্রোহ করে না, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা তারা তো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হয় না।”

খালেদা জিয়া ও তার দল বিএনপিকে কটাক্ষ করে জাসদ সভাপতি বলেন, “জঙ্গিরা যদি অমানুষ হয়, যদি দানব হয়, তবে জঙ্গির সঙ্গী খালেদা জিয়া দানবী হবে না কেন? জঙ্গিরা যদি খারাপ হয় তবে তাদের পৃষ্ঠপোষক বিএনপি কেন গণতন্ত্রের শত্রু হবে না?"

“যে রাজাকারদের একাত্তরে ইতিহাসের ভাগাড়ে পাঠিয়েছিলাম সেই রাজাকররা এখন বাংলাদেশের রাজনীতিতে কেন?“

এ দুটি প্রশ্ন ‘আমাকে কুঁড়ে কুঁড়ে খায়’, বলেন ইনু।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিদের বিরুদ্ধে যারা সোচ্চার, তারই কিছু অংশ জঙ্গির সঙ্গীর প্রশ্নে নমনীয়।”

জাসদ ছাত্রলীগ নেতাকর্মীদের জঙ্গিমুক্ত বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান ইনু।

জাসদ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সামসুল ইসলাম সুমনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, রবিউল আলম, অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ ৷