২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু আবার সচল করা হবে: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ১৯৭১ সালের ২ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ডাকসু নেতারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই ভূমিকা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আবার সচল করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 03:29 AM

Updated : 11 Oct 2022, 12:09 PM

শুক্রবার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠানের প্রথম পর্ব। আলোচনার পর সংগীত ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক পরিবেশনা।

উপাচার্য বলেন, “১৯৭১ এর ২ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনে ডাকসু যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো, সেই ভূমিকা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু আবার গঠিত হবে। সেই ডাকসুও আবার যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখি।”

একাত্তরে ডাকসু নেতাদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “বঙ্গবন্ধু যখন ডাকসু নেতাদের সেদিন একটি বিপ্লবী উদ্যোগ গ্রহণ করতে বললেন তখন ডাকসুসহ অন্যান্য ছাত্রনেতারা জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিলেন। এখানে ডাকসুর গুরুত্ব কতটুকু সেটি অনুভব করি। সেদিন ডাকসুর নেতারা জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাদের হাতেই দোসরা মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। এজন্য ডাকসু আবার গঠন করা হবে। কারণ ডাকসু যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, রেজিস্ট্রার এনামউজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন প্রমুখ।  

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সে সময়কার ছাত্রনেতা আ স ম আব্দুর রব। শিবনারায়ণ দাশের আঁকা ওই জাতীয় পতাকার মাঝখানে ছিল বাংলাদেশের মানচিত্র।

পরে ২৩ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান তার বাসভবনে সেই পতাকা উত্তোলন করেছিলেন।