২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইউজে নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থীদের কয়েকজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 09:39 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

গণ্ডগোলের মধ্যে বুধবার মধ্যরাতে ফল ঘোষণার পর তারা ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন।

বৃহস্পতিবার নির্বাচন বাতিলের দাবিতে তারা বিবৃতি দেন।

বিবৃতিদাতাদের মধ্যে বিজয়ী সভাপতি আবু জাফর সূর্যের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী সাজ্জাদ আলম খান তপু যেমন রয়েছেন, তেমনি রয়েছে বিজয়ী সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর প্যানেলের সভাপতি প্রার্থী কুদ্দুস আফ্রাদ। 

সভাপতি  প্রার্থী জাফর ওয়াজেদ ও আতাউর রহমানও বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

সাধারণ সম্পাদক প্রার্থী খায়রুজ্জামান কামাল, সেবীকা রানী, গাজী জহিরুল ইসলাম, এম এ কুদ্দুস, অমিয় ঘটক ‍পুলক, রওশন ঝুনু, যুগ্ম সম্পাদক প্রার্থী খায়রুল আলমও পুনরায় ভোট চেয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষে গণনার সময় পিছিয়ে পড়া প্রার্থীরা নানা অভিযোগ-আপত্তি জানাতে থাকেন। এ কারণে রাত ১২টায়ও ফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন।

মধ্যরাতে মঞ্চের চেয়ার ভাংচুর এবং বিভিন্ন প্রার্থীর নির্বাচন বয়কটের ঘোষণার মধ্যে ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী সভাপতি পদে আবু জাফর সূর্য ৭১২ ভোট যান; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুদ্দুস আফ্রাদ পান ৬৭১ ভোট।

সাধারণ সম্পাদক পদে সোহেল হায়দার চৌধুরী পান ৫৪৯ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম তপু পান ৪৮৮ ভোট।

বিবৃতিদাতারা জালভোটের অভিযোগ করেছেন। ভোট গ্রহণের গতি কমিয়ে দেওয়া, শেষে এক ঘণ্টা ভোট গ্রহণের সময় বাড়ানো নিয়েও অভিযোগ করেছেন তারা।

তারা এই নির্বাচন বাতিল করে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করে ‘গ্রহণযোগ্য’ নির্বাচন কমিশনের অধীনে নতুন করে ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।