২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবিতে নারী সৈনিক বাড়ল

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবিতে নারী সৈনিকের সংখ্যা আরও বাড়ল।

কামাল তালুকদার

সাতকানিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 05:00 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

ছয় মাস প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার এই বাহিনীতে যুক্ত হন আরও ৪৭ জন নারী সৈনিক।

চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল মাঠে সকালে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়।

২০১৬ সালে বিজিবিতে নারী সৈনিক নেওয়া শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৩৬ জন নারী সৈনিক যুক্ত হলেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “এ বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে অনেক উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে।

“ইতিমধ্যে রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন এবং বিওপি নির্মাণ করার পাশাপাশি সীমান্ত সুরক্ষায় আরও স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে আরো ১৫ হাজার জনবল বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

বিজিবির ৯১তম ব্যাচে ৫০ জন নারী সৈনিক প্রশিক্ষণ শুরু করলেও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৭ জন সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।

সেনা, নৌ, বিমানবাহিনী ও পুলিশের পর ২০১৬ সালে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশেও নারী সৈনিকের যাত্রা শুরু হয়। প্রথমবার ৮৮ ব্যাচ থেকে ৯৭ জন নারী বিজিবিতে যোগ দেন। পরের ব্যাচে যোগ দেন আরও ৯৫ জন আর ৯০তম ব্যাচে যুক্ত হন ৯৭ জন নারী সৈনিক।

এবছর ৯১তম ব্যাচে মোট ৫৩৫ জন সৈনিক সফলতার সাথে ২৪ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাদের মধ্যে ৪৭ জন নারী।

এবার পুরুষ সৈনিকদের মধ্যে সেরা হয়েছেন রেজোয়ান মোল্লা আর নারীদের মধ্যে সেরা হয়েছেন নাসরিন আাক্তার। সব বিষয়ে সেরা হয়েছেন তুহিন মিয়া।