২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিদ্যুতের তারে জড়িয়ে মা-মেয়ের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর শেখদি এলাকার একটি ভবনের ছাদে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই নারী।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 09:06 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

বুধবার বিকালে ওই ঘটনায় যারা মারা গেছেন তারা হলেন- শাহানারা বেগম (৪০) এবং তার মেয়ে শারমিন আক্তার (১৪)।

শারমিন স্থানীয় আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

এই ঘটনায় আহত হয়েছেন শারমিনের খালা সাজেদা বেগম (৩৮) এবং ওই ভবনের তত্ত্বাবধায়ক জোসনা বেগম (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, আব্দুল্লাহ মোল্লা স্কুলের সামনে একটি নির্মাণাধীন বাড়ির নীচতলায় রাজমিস্ত্রী দেলোয়ার হোসেন স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়া থাকেন।

“দুপুরের পর দেলোয়ারের স্ত্রী শাহানারা ছাদে বসে কাঁথা সেলাই করছিলেন। মেয়ে শারমিনও ছাদে ছিল। ছাদের পাশ দিয়ে উচ্চক্ষমতার বৈদ্যুতিক তার ছিল। বিদ্যুতের তার কোনোভাবে ছাদের রডের সাথে যুক্ত হয়ে পড়েছিল।”

ওসি বলেন, “কোনো এক ফাঁকে শারমিন রড ধরলে সে বিদ্যুতায়িত হয়। শাহানারা বেগম মেয়েকে উদ্ধারে ছুটে গেলে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন। তারা ঘটনাস্থলেই মারা যান।”

ঘটনার সময় চিৎকার শুনে জোৎস্না বেগম এবং অন্য কক্ষের ভাড়াটিয়া শাহানারার বোন সাজেদা বেগম ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করলে তারা আহত হন বলে জানান ওসি।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন, জোৎস্না বেগমের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।