তদবিরবাজদের প্রশ্রয় না দিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান
তদবিরবাজদের ‘বড় দুর্নীতিবাজ’ অ্যাখ্যায়িত করে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে সরাসরি অভিযোগ দিতে প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন দুর্নীতি বিরোধী সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার দুদক কার্যালয়ে বিভিন্ন প্রকৌশল দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রকৌশলীদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, “আপনারা প্রভাবশালীকে অন্যায় সুবিধা দেবেন না। তবে আপনি নিজে যেন প্রভাবিত না হন। তদবিরবাজ থেকে আপনাদের দূরে থাকতে হবে।
“আপনার যদি মনে হয় তদবিরবাজ থেকে বাঁচতে পারছেন না, আমাদের কাছে চলে আসুন। আপনি গোপনভাবে আমাদের হটলাইন-১০৬ এ ফোন করবেন, পরিচয় গোপন রাখতে পারেন এবং সমস্যার বিষয়ে বলবেন।”
অভিযোগ পেলে তদবিরবাজদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন দুদক চেয়ারম্যান।
প্রকৌশল বিভাগগুলোর মাধ্যমে সরকারের বাজেটের ৮০ শতাংশ ব্যয় হয়ে থাকে উল্লেখ করে সাবেক সচিব ইকবাল মাহমুদ বলেন, “আমরা আশা করি, এগুলো দুর্নীতিমুক্তভাবেই ব্যয় হবে।”
কাজের গুণগত মান বজায় রাখতেও প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রকৌশলীদের দুদকে ডাকার কারণ ব্যাখ্যা করে ইকবাল মাহমুদ বলেন, “আপনাদের ডাকার উদ্দেশ্যে হচ্ছে- আপনারা নির্ভয়ে আপনাদের ডিপার্টমেন্টে কাজ করবেন। এইটুকু অভয় দেওয়ার জন্য আপনাদের কষ্ট দিয়ে এখানে এনেছি।”
সেই সঙ্গে প্রকৌশলীদের হুঁশিয়ার করে তিনি বলেন, “আমি স্পষ্টভাবে আপনাদের বলতে চাই, আপনারা ভুল করবেন আর আপনাদের ভুলের মাশুল এখানে দিতে হবে। আপনার ভুল হতে পারে, তবে জ্ঞাতসারে যেন না হয়।”
মতবিনিময় সভায় দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব মো. শামসুল আরেফিন, মহাপরিচালক মো. জাফর ইকবাল, রাজউক চেয়ারম্যান মো. আবদুর রহমান, বিআইডব্লিইটিএ’র প্রধান প্রকৌশলী মো. মঈদুল ইসলাম, সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী শুভেন্দু বিকাশ, হাইটেক পার্ক অথরিটির এমডি হোসনে আরা বেগম, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কাশেম ভুইয়া বক্তব্য দেন।
