একুশে বইমেলায় হুমায়ুন আজাদ স্মরণ
কবি, প্রাবন্ধিক ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের ১৪ বছর পর কেটে গেলেও বিচার শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপক, লেখক, প্রকাশকরা।
মঙ্গলবার বিকালে বাংলা একাডেমির বর্ধমান হাউজ চত্বরে ‘লেখক পাঠক প্রকাশক ফোরাম’ এর ব্যানারে এক প্রতিবাদী সমাবেশে যোগ দিয়ে তারা বলেছেন, হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি বলেই পরবর্তীতে আরো কয়েকজন লেখক, প্রকাশক ও মুক্তমনাকে হারাতে হয়েছে।
প্রতিবাদী সমাবেশে যোগ দেন অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, কবি মুহম্মদ নূরুল হুদা, শিল্পী কামাল পাশা চৌধুরী, ছড়াকার আসলাম সানী, প্রকাশক ওসমান গণি।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশের বইমেলা থেকে বেরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে টিএসসির দিকে এগিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত হন হুমায়ুন আজাদ।
কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর ওই বছর অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। পরে ১২ অগাস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, “হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের রহস্যের কূলকিনারা হয়নি ১৪ বছরেও, ১৪০ বছরেও হবে না। সরকারের সদিচ্ছা থাকলে তা অনেক আগেই সম্পন্ন হত। ”
তিনি বলেন, “মুক্ত বাঙালিকে মুক্ত স্বদেশে অবিচল চলার জন্য মুক্ত পরিবেশ চাই।”
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, হুমায়ুন আজাদের হত্যাকাণ্ডের বিচার হয়নি বলে পরে অভিজিৎ রায়, ফয়সল আরেফিন দীপনসহ আরো অনেক ‘আলোকিত মানুষকে’ হারাতে হয়েছে।
হুমায়ুন আজাদের হত্যাকারীদের ‘একাত্তরের পরাজিত শক্তি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই শক্তিটি এখন রাষ্ট্র, গোয়েন্দা সংস্থার ভেতরে ঢুকে পড়েছে। মুক্তিযুদ্ধের চেতনাধারী দলের মধ্যেও ঢুকে পড়েছে তারা। তাই তো বিচার প্রক্রিয়া এত দীর্ঘায়িত হচ্ছে। জঙ্গিরা সনাক্ত হলেও জড়িতদের এখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে না। পরাজিত শক্তিটি ক্রমেই তাদের উদ্দেশ্য হাসিল করে যাচ্ছে। ”
“কিন্তু আমরা বিচারের স্বপ্ন দেখছি। যতদিন বিচার না পাব, সেই দাবিতে সোচ্চার থাকব আমরা।”
অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী বলেন, “গল্প, কবিতা ও প্রবন্ধে মুক্তিযুদ্ধের চেতনাকে ফুটিয়ে তুলেই থেমে ছিলেন না হুমায়ুন আজাদ।একাত্তরের অশুভ শক্তিটি কারা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন।সেই মানুষটির হত্যার বিচারকাজ সমাপ্ত না হওয়ায় আমরা শঙ্কাবোধ করি। স্বাধীনভাবে মুক্তমত প্রকাশ করতে হলে, আমাদের স্বার্থেই এই বিচার কাজ সমাপ্ত হওয়া প্রয়োজন।”
পাঠ্যপুস্তক থেকে হুমায়ুন আজাদের ‘বই’ কবিতাটি বাদ দেওয়ায় ক্ষোভ এই সমাবেশেও সঞ্চারিত হয়।
কামাল পাশা চৌধুরী বলেন, “হুমায়ুন আজাদের হত্যাকারীরা আমাদের জাতিসত্তাকে খুন করতে চায়, জাতিকে ভয় দেখাতে চায়। কিন্তু চূড়ান্ত পর্যায়ে বিজয় আমাদের হয়েছে। আমরা এসবে ভয় পাই না। ভয় তখনই পাই, যখন পাঠ্যপুস্তক থেকে ‘বই’ কবিতাটি উঠিয়ে দেওয়া হয়। তখন মনে হয়, এই হত্যাকারীরা আমাদের পাশে আছে, আমরা ওদের পৃষ্ঠপোষকতা করছি।”
