২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোয় স্মরণ অভিজিৎকে

‘মৌলবাদ গোষ্ঠীর আষ্ফালন ও দেশব্যাপী ধর্মান্ধতার বিস্তারে’ দেশে মুক্ত বুদ্ধির চর্চার পথ এখনও অবরুদ্ধ রয়ে গেছে অভিযোগ করেছেন ব্লগার, লেখক অভিজিৎ রায়ের পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 11:27 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

পুরনো খবর:

‘আশার মানুষ, আশা নিয়েই বেঁচে থাকি’

অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের তিন বছর পূর্ণ হওয়ার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তার শ্রদ্ধানুষ্ঠানে এসে ধর্মান্ধ গোষ্ঠীর নানা তৎপরতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।

তিন বছর আগে একুশের বইমেলা থেকে ফেরার পথে টিএসসির ঠিক যে স্থানটিতে অভিজিৎ রায় খুন হয়েছিলেন, সেই স্থানেই মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করে  মুক্তমনা লেখকদের একটি প্ল্যাটফর্ম ‘পূর্ব পশ্চিম’।

আয়োজকরা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই আয়োজনটি যুগপৎ আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গের বারাসাত স্টেশন চত্বরেও।

অভিজিৎ রায়ের ভাই অনুজিৎ রায় পরিবারের সদস্যদের নিয়ে এদিন টিএসসিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিজিতের মৃত্যুর তিন বছর পেরিয়ে গেল। অথচ এ দেশে এখনও মুক্তবুদ্ধি চর্চার পথ অবরুদ্ধ।  বাংলাদেশের আনাচে-কানাচে মৌলবাদীরা যেভাবে ধর্মান্ধতা ছড়িয়ে যাচ্ছে, সেখানে মুক্ত বুদ্ধির চর্চা কীভাবে সম্ভব?”

তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়েও অনেকে সেই কুসংস্কারাচ্ছন্ন মনোভাব থেকে বের হতে পারছেন না।

“মুক্ত মতের স্বাধীনতার জন্য সবার আগে প্রয়োজন প্রগতির চর্চা, জ্ঞানের চেতনা ছড়িয়ে দেওয়া দরকার। কিন্তু বাস্তবতা হল কুসংস্কারাচ্ছন্ন সমাজে তা অত সহজে সম্ভব হচ্ছে না।”

তবে তরুণ প্রজন্ম সব বাধা বিপত্তি কাটিয়ে উঠে প্রগতি আলোর জ্বালাবে বলে আশা প্রকাশ করেন অভিজিতের বড় ভাই অনুজিৎ।

আয়োজকদের মধ্যে রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার লেখক, ব্লগার ও মুক্তমনাদের হত্যাকাণ্ড বেমালমু চেপে যেতে বসেছিল। কিন্তু গুলশানের হলি আর্টিজান ট্র্যাজেডির পর সেসব ঘটনা আর ধামাচাপা দিতে পারেনি। সরকার এখন যথেষ্ট সচেতন হয়েছে। কিন্তু এই সচেতনতা প্রয়োজন ছিল আরও আগে। তাহলে হয়ত আমাদের অভিজিৎ রায়দের হারাতে হত না।”

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে একুশের বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গি কায়দায় হামলায় ঘটনাস্থলেই নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ রায়। চাপাতির আঘাতে আঙুল হারান বন্যা।

লেখালেখির কারণে আগে থেকেই ধর্মীয় উগ্রবাদীদের হুমকির মুখে ছিলেন প্রকৌশলী অভিজিৎ। তারই ধারাবাহিকতায় এ খুন বলে পরে জানায় পুলিশ। 

ঘটনার পরদিন শাহবাগ থানায় মামলা করেন অভিজিতের বাবা। এরপর বেশ কয়েকজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের খবর এলেও তিন বছরেও মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ।