মননশীল বইয়েও তরুণদের আগ্রহ
গল্প-উপন্যাস-সায়েন্স ফিকশন ও অনুবাদের পাশাপাশি এবার বইমেলায় পাঠকরা মননশীল বইয়ের দিকেও ঝুঁকেছেন বলে জানিয়েছেন প্রকাশকরা।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক বা প্রবন্ধ পাঠক নন-তরুণরাই এবার এসব বই কিনছেন বলে জানিয়েছেন তারা।
বেশ কয়েক প্রকাশক জানান, বরাবরের মতো এবারও গল্প, উপন্যাস আর সায়েন্স ফিকশনের চাহিদা সবচেয়ে বেশি থাকলেও এবার সমকালীন রাজনীতি, ভাষাতত্ত্ব, সমাজবিজ্ঞান আর বিশ্ব বাজার-অর্থনীতির বইয়ের বিক্রি ‘বেশ ভালো’।
অমর একুশে গ্রন্থমেলার ২৪তম দিন ছিল শনিবার। মেলায় এদিন ছিল শেষ শিশু প্রহর। শিশু প্রহর উপলক্ষে মেলার দুয়ার খুলে যায় সকাল ১১টায়। খুদে পাঠকদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে গ্রন্থমেলা চত্বর। সেই সঙ্গে সকালেই ঝাঁপি খুলে ফেলে বড়দের চত্বরের সবকটি প্রকাশনা সংস্থা।
বিপিএল থেকে আসা শান্তা মারিয়ার ভ্রমণবিষয়ক বই ‘চকবাজার টু চায়না’ কিনতে এসে তরুণ পাঠক সোহেল আনোয়ার বলেন, মননশীল বইয়ের খোঁজে মেলায় বিভিন্ন স্টলে গিয়ে সন্তুষ্ট হতে পারছিলেন না।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড- বিপিএলে নতুন বই আসার কথা মনে পড়তেই তিনি এখানে চলে এসেছেন।
সোহেল আনোয়ার বলেন, “২০১৫ সালে বিপিএলের যাত্রা শুরুর পর থেকে আমার পছন্দের মননশীল বইয়ের ঠিকানা হয়ে গেছে বিপিএল। গল্প, উপন্যাসের পাশাপাশি গবেষণাধর্মী বই যখন কিনছি, তখন বিপিএল বড় ভরসা।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েরা এখন কলেজে পড়ছে, এখন তাদের মননশীল সাহিত্যের সঙ্গে একটু করে পরিচয় করিয়ে দিতে চাই। গল্প, উপন্যাসের পাশাপাশি একটু গবেষণাধর্মী বই পড়ুক। আমি ঘুরে বেড়াতে পছন্দ করি, তাই ‘বনে বেড়াই’ বইটি পেয়ে আর লোভ সামলাতে পারলাম না।”
উত্তরার বাসিন্দা ইমতিয়াজ মেহেদি হাসান বলেন, “মেলার শেষ ভাগে নতুন বই প্রায় সবগুলোই চলে আসে। শেষ ভাগে এসে গল্প, উপন্যাসের পাশাপাশি রাজনীতি আর দর্শনের বেশ কিছু বই খুঁজে পেলাম। এই বইগুলো থেকে নানা তথ্য-উপাত্ত পাওয়া যায়।”
মুগদা থেকে ভাগ্নেদের নিয়ে মেলায় এসেছিলেন স্বপন মাহমুদ মুন্না। তিনি বলেন, “ভাগ্নেরা গল্পই বেশি পড়তে চায়। কিন্তু ওদের আমি বিজ্ঞানের নানা প্রজেক্টের বই কিনে দিয়েছি। সিলেবাসের বইয়ের পাশাপাশি এসব বইয়ের দিকেও ক্রমে ঝুঁকছে তারা।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান শিশির বলেন, “গল্প-উপন্যাস নয়, আমি এসেছি একটু গবেষণাধর্মী আর বিচিত্র বইয়ের খোঁজে। সমাজতত্ত্ব আর রাজনীতি নিয়ে বই খুঁজছি।”
রাইসুল ইসলাম সজীব জানালেন, নিজের বানান ও উচ্চারণ শুদ্ধির জন্য তিনি কিনেছেন বাংলা একাডেমির বানান ও উচ্চারণ অভিধান। হাবীবুল্লাহ বাহার কলেজের নিহাদ, মেহেদিরা এসেছেন রবীন্দ্র-সাহিত্য নিয়ে তুলনামূলক প্রবন্ধের খোঁজে।
সংহতি প্রকাশনীর স্টল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শিপু জানান, এবার তাদের প্রকাশনী থেকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ক বই প্রকাশ হয়েছে। মধ্যবয়সী পাঠক নন, এবার তরুণরাই সেসব বইয়ের দিকে ঝুঁকছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লেখা বেশ কয়েকটি বই মেলায় এসেছে। উৎস প্রকাশনী থেকে এসেছে মুহিত রচনাবলীর ১০ খণ্ড। এছাড়া চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশ হয়েছে তার লেখা ‘স্মৃতিময় কর্মজীবন’, সময় প্রকাশন থেকে এসেছে ‘আমাদের জাতীয় সংসদ ও নির্বাচন’ ও ‘আমাদের বিপন্ন পরিবেশ’।
জিনিয়াস পাবলিকেশন্সের কর্ণধার হাবিবুর রহমান বলেন, “সাধারণত রাজনৈতিক কর্মীদেরই এসব বইয়ের প্রতি আকর্ষণ থাকে, তারা দলবেঁধে এসে এসব বই কিনে নিয়ে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিয়ে পড়াশোনা করা অনেক তরুণ এবার রাজনীতির বই খুঁজে গেলেন।”
তিনি বলেন, “পাঠকের চাহিদা রয়েছে বলেই আমরা মননশীল বই প্রকাশ করছি। আমি এটা জোর দিয়ে বলব, এবারের বইমেলায় তরুণ পাঠকের সংখ্যা শুধু বাড়েনি, পাল্লা দিয়ে বেড়েছে মননশীল বইয়ের পাঠকও।”
মেলায় মননশীল বইগুলোর মান বিচারের এক প্রশ্নে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় মননশীল বইয়ের ৬০-৭০ ভাগই মানসম্পন্ন। প্রকাশরা এবার মানসম্পন্ন বই প্রকাশে আরও যত্নবান হয়েছেন, এটা মেলার ইতিবাচক দিক। সেই সাথে আমাদের তরুণ পাঠকরাও এসব বইয়ের প্রতি মনযোগী হয়ে উঠছে। এটা আশাব্যঞ্জক।”
বিপিএল থেকে এল ‘স্বাধীনতার ঘোষণা: ইতিহাসের নিজস্ব পাঠ’
বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল) থেকে মেলার ২৪তম দিনে এসেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রবন্ধের বই ‘স্বাধীনতার ঘোষণা: ইতিহাসের নিজস্ব পাঠ’।
স্বাধীনতার ঘোষক কে-রাজনীতির ময়দানে এমন বিতর্ক উত্তাপ ছড়িয়েছে বহুবার, এই প্রশ্নের উত্তর খুঁজতে আদালতের দ্বারস্থও হতে হয়েছিল। এই বিষয়টি নিয়ে বিতর্কের অবসান ঘটাতে সক্ষম কিছু রচনা বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতামত পাতায়।
বিপিএল থেকে আসা নতুন এই বইয়ে সেসব লেখার বেশকটি হুবহু আর কয়েকটি লেখা সম্পাদনার পর সংকলিত হয়েছে। লেখাগুলো সংকলন করেছেন মোতাসিম বিল্লাহ। বইটির প্রচ্ছদ ও শিল্প নির্দেশনাও করেছেন তিনি।
বইটিতে ঠাঁই পেয়েছে সেন্টার ফর বাংলাদেশ জেনোসাইড রিসার্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান জালাল, ফ্রিল্যান্স লেখক বিদ্যুৎ কুমার দে, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক, সাংবাদিক ও কলামনিস্ট বিভুরঞ্জন সরকার, লেখক-অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ, তিন জ্যেষ্ঠ সাংবাদিক রাজু আলাউদ্দিন, মুজতবা হাকিম প্লেটো ও স্বদেশ রায়ের লেখা।
গ্রন্থমেলার আয়োজন
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে, গ্রন্থমেলার ২৪তম দিনে নতুন বই এসেছে ১৮২টি।
সকাল সাড়ে ১০টায় বইমেলার মূল মঞ্চে শিশু-কিশোর চিত্রাঙ্কন, সংগীত প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। বিকালে গ্রন্থমেলার মূল মঞ্চে ছিল ‘দেশ বিভাগের সত্তর বছর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ইমানুল হক, আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ হাসান ইমাম, সভাপতিত্ব করেন কামাল লোহানী।
