২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রি: শাঁখারীবাজারে ৩ জনের কারাদণ্ড

বিপন্ন প্রজাতির কচ্ছপ ধরে বিক্রি করার অভিযোগে রাজধানীতে তিন জনকে নয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2018, 05:57 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

এরা হলেন- পুরান ঢাকার শাঁখারীবাজারের দীপক নন্দী, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পনির চন্দ্র দাস ও নরসিংদীর মাধবদী এলাকার ময়না রানী সরকার।

শুক্রবার সকাল ৯টার দিকে শাঁখারীবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বন বিভাগের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১০ যৌথ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

সারওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপন্ন প্রজাতির কচ্ছপ ধরে শাঁখারীবাজারে বিক্রি করার সময় ওই তিনজনকে আটক করা হয়। এ সময় ৬ মণ বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়। এসব কচ্ছপ দেশের বিভিন্ন জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

“জিজ্ঞাসাবাদে তারা জানায়, একটি চক্রের মাধ্যমে নরসিংদী এবং মুন্সীগঞ্জ এলাকা থেকে কচ্ছপ শিকার করে শাঁখারীবাজার এলাকায় বিক্রি করছিল তারা। এর মধ্যে পনির চন্দ্র দাসকে এর আগেও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সে চার মাস কারাবাস করে জামিনে বের হয়ে আসে। আবার একই অপরাধে জড়ায়।”

২০১২ সালের বন্যপ্রাণি সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে নয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অভিযানে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিকসহ বনবিভাগের কর্মকর্তা এবং র‌্যাব-১০ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।