দুই মারমা কিশোরীর জন্য শাহবাগে কর্মসূচি
রাঙামাটিতে গত মাসে ‘ধর্ষিত’ দুই মারমা কিশোরীর জন্য ‘নিপীড়নের বিরুদ্ধে নাগরিক’ ব্যানারে ঢাকার শাহবাগে মশাল মিছিল হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় এই মিছিল শুরুর পরপরই বইমেলায় নিরাপত্তার কারণ দেখিয়ে বাধা দেয় পুলিশ।
তবে পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল নিয়ে টিএসসি অভিমুখে রওনা দেন বিক্ষোভকারীরা। ‘পাহাড়ে সেনা শাসন বন্ধ কর’, ‘নিপীড়কের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান তুলে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি সামনে দিয়ে ঘুরে শাহবাগে এসে শেষ হয়।
মিছিল শুরুর আগে শাহবাগে পথনাটক করে নাটকের দল ‘প্রাচ্যনাট’।
মিছিল শেষে কর্মসূচির অন্যতম সংগঠক সাইদিয়া গুলরুখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ যে বাধা দিচ্ছে তা পাহাড়ে সেনাবাহিনীর কর্মকাণ্ডকে লুকানোর তৎপরতার অংশ, এর বাইরে কিছু না।
“পুলিশ বলেছে, আমরা নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে নেতিবাচক স্লোগান দিচ্ছি। পুরো সেনাবাহিনী কেন নেতিবাচক হবে? একজন যদি ধর্ষক হয় তার বিচার করা হোক।
“সমতলে যেসব পুলিশ আছে তাদের কেউ কেউও তো ধর্ষণের সাথে যুক্ত থাকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুরো একটা ধর্ষক গোষ্ঠীকে আমরা জনগণের টাকায় পালছি। আমরা কোথাও বিচার পাচ্ছি না।”
বিলাইছড়ির ওরাছড়ি গ্রামের উত্তর পাড়ায় এই দুই মারমা কিশোরীকে গত ২২ জানুয়ারি রাঙামাটিতে এনে হাসপাতালে ভর্তি করা হয়।
তার আগের দিন তারা ধর্ষিত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে পাহাড়িদের মধ্য থেকে। তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সেই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। ওই সময় ওই এলাকায় টহলরত একজন আনসার সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশের নিরাপত্তায় মেয়ে দুটি রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাই কোর্টের নির্দেশে গত ১৫ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে তাদের বাবা-মার জিম্মায় দেয় পুলিশ।
হাসপাতাল থেকে চাকমা রানি য়েন য়েন দুই কিশোরীকে তার জিম্মায় নিতে চেয়েছিলেন। চাকমা রাজা দেবাশীষ রায়ের মারমা স্ত্রী য়েন য়েন বলেছিলেন, বাংলা ভাষা না জানা তার গোত্রের মেয়ে দুটি তার সঙ্গেই থাকতে চান।
এ নিয়ে চাকমা রানির সঙ্গে আইনশঙ্খলা বাহিনীর বিতণ্ডাও হয়েছিল সেদিন। রানি য়েন য়েনের উপর নির্যাতনের অভিযোগ তুলে ১৬ ফেব্রুয়ারি শহরের সাবারাং রেস্তোয়াঁয় সংবাদ সম্মেলনও করেন একদল পাহাড়ি।
পরে জানা যায়, রাঙামাটি শহরে এক আওয়ামী লীগ নেতার বাসায় আছেন ওই দুই কিশোরী।
