আন্তর্জাতিক সুফি উৎসব শুরু শুক্রবার
‘সম্প্রীতির জন্য সঙ্গীত’ প্রতিপাদ্যে দ্বিতীয় আন্তর্জাতিক সুফি উৎসব শুরু হচ্ছে ঢাকায়।
আগামী শুক্রবার থেকে রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, ইরান ও তুরস্কের শিল্পীরা অংশ নিচ্ছেন।
আল্লামা রুমি সোসাইটি ও হাটখোলা ফাউন্ডেশনের যৌথ এ আয়োজনের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
সোমবার দুপুরে এ উপলক্ষে শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আল্লামা রুমি সোসাইটির ট্রেজারার মো. আবদুর মজিদ ও উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব ইউসুফ মুহম্মদ।
ফাইল ছবি
“সুফি মতবাদ সহনশীলতার জায়গা থেকে উৎসরিত। দেশের তরুণ সমাজ যেন সেই জায়গা থেকে বিচ্যুত না হয় এ চিন্তা মাথায় রেখেই এই উৎসব।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১৯ জন সুফি, লোকসঙ্গীত শিল্পী ও সাধক এ উৎসবে অংশ নিচ্ছে। দেশের বাইরে থেকে অংশ নেবে পাঁচটি দল।
উৎসবে প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হবে সুফি গানের মূল পর্ব এবং শেষ হবে রাত ১০টায়। প্রথম দিন সঙ্গীত পরিবেশন করবে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী, পারভেজ, শফি মণ্ডল, সামির কাওয়াল, রাফাত সুফি ও এস আই টুটুল।
ফাইল ছবি
উৎসবের শেষ সন্ধ্যায় আধ্যাত্মিক গান পরিবেশন করবেন শিল্পী হায়দার, হারুণ, ইকবাল হায়দার, দীপংকর, সুনিল কারাকার, সিরাজ বাউল, ইরানী সুফি দল, রুহানী সিস্টার্স ও জলের গান।
এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকায় সুফি ফেস্টিভ্যালের আয়োজন করেছিলে ব্লুজ কমিউনিকেশনস। তিনদিনের সেই উৎসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তিউনিশিয়া, ডেনমার্ক, স্পেন, মিসরসহ আটটি দেশের ১৫টি দল ও শিল্পীরা অংশ নিয়েছিলেন।
