২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিম স্মৃতিপদক পেলেন মুহিত

মুক্তিযুদ্ধ, অর্থনীতি ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বারডেম প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতিপদক পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 06:49 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

এছাড়া হৃদরোগ চিকিৎসা ও ডায়াবেটিক রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের ইমেরিটাস অধ্যাপক হাজেরা মাহতাব এ পদক পেয়েছেন।

রাজধানীর বারডেম মিলনায়তনে রোববার ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের আয়োজনে তাদের সোনার মেডেল ও ক্রেস্ট দেওয়া হয়।

অর্থমন্ত্রী মুহিত বলেন, ডা. ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল সেই ১৯৫৩ সালে।

“আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তখন থেকেই আমাদের কেউ অসুস্থ হলে তার কাছে নিয়ে যেতাম। তিনিও বেশ পাত্তা দিতেন। ডায়াবেটিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ইব্রাহিম সাহেবের অবদান অসামান্য। সমাজসেবায় তিনি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।”

দেশের অর্ধেক মানুষ ডায়াবেটিসে ভুগছে বলে মন্ত্রী তার ধারণার কথা জানান।

স্মৃতিপদক নিয়ে আব্দুল মালিক তার শিক্ষক হিসেবে ডা. ইব্রাহিমকে স্মরণ করেন।

“ওনাকে আমি শিক্ষক হিসেবে পেয়েছি। এরপর পেয়েছি পেইশেন্ট হিসেবে। ১৯৮৩ সালের দিকে হার্টের সমস্যা হলে উনি হৃদরোগ হাসপাতালে ভর্তি হলেন। ভর্তি হয়ে আমাকে বলতেন, মালিক, ‘আমার রাতে ঘুম হয় না। আমি মরে গেলে বারডেমের কী হবে? উনি দিনে-রাতে সব সময় বারডেমের কথা চিন্তা করতেন। সব সময় মানুষের মঙ্গলের কথা চিন্তা করতেন।”

প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাওয়ার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের সভাপতি ডা. সি এম দিলওয়ার রানা জানান, ডায়াবেটিক রোগ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ডায়াবেটিস সমিতি দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি মসজিদে ডায়াবেটিক কর্ণার চালু করার পরিকল্পনা করেছে।

তিনি বলেন, “বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, জীবনযাপনে শৃঙ্খলা ও পরিবর্তনের মাধ্যমে ৬০ শতাংশ ডায়াবেটিক রোগ প্রতিরোধ করা সম্ভব। প্রশিক্ষিত ইমামদের মাধ্যমে এলাকাবাসী বিনামূল্যে বা স্বল্পমূল্যে শরীরে পুষ্টির অবস্থা, রক্তচাপ পরিমাপ ও ব্লাড-সুগার পরীক্ষা করার পাশাপাশি ডায়াবেটিক রোগ ও অন্যান্য অসংক্রামক রোগ প্রতিরোধে পরামর্শ নিতে পারবেন।”

প্রকল্পটি পরিচালনার জন্য সরকারের প্রশাসনিক সাহায্যের পাশাপাশি আর্থিক অনুদান প্রয়োজন প্রয়োজন বলে তিনি জানান।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণায়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক নাজমুন নাহার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, সমিতির সভাপতি আজাদ খান অনুষ্ঠানে বক্তব্য দেন।