‘নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় সহায়তা দেবে সরকার’
ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দিনে নবায়নযোগ্য জ্বালানির বহুমুখী ব্যবহার হবে। চীন-ভারতসহ পৃথিবীর অনেক দেশ এখনই পরিবহন জ্বালানি হিসেবে সৌরশক্তিকে ব্যবহার করছে। বাংলাদেশেকেও এই ট্রেন্ডে প্রবেশ করতে হবে।
নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যেই এনার্জি রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে সরকার। যেকেউ জ্বালানি নিয়ে গবেষণা করতে চাইলে ইনস্টিটিউট থেকে সার্বিক সহযোগিতা পাবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
তিনি বলেন, “যানবাহনগুলো ইলেকট্রিক হয়ে যাবে। তাই ইলেকট্রিক বা সোলার চার্জিং স্টেশন করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। বৈশ্বিক পরিবর্তনের সাথে সমন্বয় করেই পরিকল্পনা গ্রহণ করা দরকার। বিশ্ববিদ্যালয়গুলো নতুন নতুন চিন্তাভাবনা ও প্রযুক্তি উদ্ভাবন নিয়ে যুগোপযোগী নীতিমালা গ্রহণ করতে পারে।”
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেন, আগামী দুই বছরের মধ্যে তিনি বাংলাদেশে ইলেকট্রনিক গাড়ি নামানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি পরিকল্পনা তৈরি করছেন।
তিন দিনের এই সম্মেলনে সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক, এনার্জি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ১৬টি কলেজ ও ১৬টি বিশ্ববিদ্যালয় বিতর্কে অংশ নেয়। বিতর্কে কলেজ পর্যায়ে বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইস্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাকপ সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বক্তব্য দেন।
