জেবিআইসির সমীক্ষায় বাংলাদেশের অগ্রগতি
জাপানিজ ম্যানুফ্যাকচারিং এসএমই অনুযায়ী ‘প্রোমিজিং কান্ট্রি ফর ওভারসিস বিজনেস ওভার দ্য মিডিয়াম টার্ম’-এর র্যাংকিংয়ে বাংলাদেশ ২১ থেকে ১৪তম স্থানে উন্নীত হয়েছে।
জাপানিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানির বৈদেশিক ব্যবসায়িক লেনদেনের ওপর তৈরি ২৯তম বার্ষিক সমীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জাপানের টোকিওতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল করপোরেশন (জেবিআইসি) ও জাপান ইনস্টিটিউট ফর ওভারসিস ইনভেস্টমেন্টের (জেওআই) যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এ বছর ৬০২টি জাপানি কোম্পানির ওপর এ সমীক্ষা চালানো হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানি প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক উৎপাদন ও বিক্রয়ের অনুপাত আগের বছরের চেয়ে কমেছে।
“বৈদেশিক উৎপাদনের অনুপাত ২০১৬ অর্থবছরে কমে ৩৫ শতাংশে নেমেছে, যা ২০১৫ সালে ছিল ৩৫ দশমিক ৬ শতাংশ। একই সঙ্গে এ সময় বৈদেশিক বিক্রয় ৩৯ দশমিক ৬ থেকে কমে ৩৮ দশমিক ৫ শতাংশ হয়েছে।”
