২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর ডেমরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় জাহাঙ্গীর হোসেন রনি নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 08:52 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

বৃহস্পতিবার ঢাকার পরিবেশ আপিল এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

আসামি জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বলে আদালতের পেশকার মাসদুর রহমান জানান।

২০০৯ সালের ২২ জানুয়ারি ডেমরা থানাধীন কোনাপাড়ার পাড়ডগাই এলাকার আল আমীন রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

রায়ের বিবরণ থেকে জানা যায়, ঘটনার দিন সকালে স্ত্রী হামিদা আক্তারের মোবাইল ফোনে একটি মিসকল আসে। তখন মোবাইল ফোনটি জাহাঙ্গীর হোসেনের কাছে ছিল। পরে নম্বরে জাহাঙ্গীর ফিরতি ফোন করে একটি পুরুষ কণ্ঠ শুনতে পান।

পুরুষটি তার পরিচয় না দেওয়ায় রনি স্ত্রীকে সন্দেহ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রনি দিয়াশলাই জ্বেলে হামিদার পরনের পোশাকে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় হামিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর ২৯ জানুয়ারি তার মৃত্যু হয়।

ওই ঘটনায় হামিদার বড় ভাই শামসুল হক ডেমরা থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ডেমরা থানার এসআই মীর আতাহার আলী ওই বছর ৩১ জুন আসামি জাহাঙ্গীর হোসেন রনিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

মামলায় ২০১১ সালের ৫ জুন অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।