২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লা্বের সামনেই অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 06:49 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে মানববন্ধনের পর বিকালে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

তিনি বলেন, “মানববন্ধনের মতো কালকে (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের সামনেই আমাদের অবস্থান কর্মসূচি হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি হবে। আমাদের নেতা-কর্মী সেখান দাঁড়িয়ে এই কর্মসূচি সফল করবেন বলে আমরা প্রত্যাশা করছি।”

সারাদেশের জন্যই এই কর্মসূচি দিয়েছে বিএনপি। জেলায় অবস্থান কর্মসূচির স্থান জেলা বিএনপির নেতারাই ঠিক করবেন।

মানববন্ধন, অবস্থানের পর বুধবার অনশন কর্মসূচি রয়েছে বিএনপির।

এরপরও কর্মসূচি রাখার ইঙ্গিত দিয়ে রিজভী বলেন, “আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত না করা পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরব না।”

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশ কেন হামলা ও গ্রেপ্তার করেছে, সেই প্রশ্ন তোলেন রিজভী।

রোববার সকালের মানববন্ধন কর্মসূচির পর মৎস্য ভবনের কাছ থেকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করা হয়।

এর নিন্দা জানিয়ে রিজভী বলেন, “গত রাত থেকে এই পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৮৫ জনের বেশি নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ৩০ জানুয়ারি থেকে এই পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪ ০০ জনের অধিক।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বেবী নাজনীন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম।