মাদক নিয়ে সরকার উদ্বিগ্ন: আমু
মাদকের প্রসারে উদ্বিগ্ন সরকার কঠোর পদক্ষেপে যাচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু।
তিনি বলেছেন, “মাদকের প্রবণতা বৃদ্ধিতে আমরা উদ্বিগ্ন। সরকার মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।”
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন শিল্পমন্ত্রী আমু।
সব গোয়েন্দা সংস্থা মাদক বিক্রেতাদের তালিকা করছে জানিয়ে তিনি বলেন, সব সংস্থার তালিকা নিয়ে সমন্বিত তালিকা প্রকাশ করা হবে।
আমু জানান, ২০১৬ সালের জুলাই থেকে এ পর্যন্ত ৩২টি বড় ধরনের জঙ্গিবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এতে ৭৮ জন জঙ্গি নিহত ও ৬৪ জন জঙ্গি গ্রেপ্তার হয়েছেন।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছেন আটজন। এদের মধ্যে পুলিশ সদস্য ছয়জন, র্যাব সদস্য একজন এবং ফায়ার সার্ভিসের সদস্য একজন।
আমু বলেন, “বর্তমানে দেশে জঙ্গিবাদ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মসজিদের খুতবায় বিশেষ বয়ানের অনুরোধ জানানো হয়েছে।”
