খুলনার দোয়ানিয়া খালে বাঁধ নির্মাণে ‘স্থিতাবস্থা’ জারি
খুলনার বটিয়াঘাটা উপজেলার দোয়ানিয়া খালে নির্মাণাধীন বাঁধে স্থিতাবস্থা জারি করেছে হাই কোর্ট।
অর্থাৎ, ওই বাঁধের নির্মাণ কাজ আপাতত স্থগিত থাকবে। সেইসঙ্গে আড়াআড়ি বাঁধ অপসারণ প্রশ্নে রুল জারি করেছে আদালত।
পরিবেশবাদী বেসরকারি সংগঠন এইচআরপিবির পক্ষে জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন মোতাহার হোসেন সাজু।
দোয়ানিয়া খালে মাটি ভরাট করে বাঁধ নির্মাণ বন্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের ‘নিষ্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না, খালে নির্মাণাধীন বাঁধ অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না এবং সিএস, আরএস অনুসারে খালটি সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
পরিবেশ ও বন, পানি সম্পদ, স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহারিচালক, পরিচালক (এনফোর্সমেন্ট), খুলনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বটিয়াঘাটা থানার ওসি ও উপজেলা ভূমি কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মনজিল মোরসেদ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ আইন ও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী খালের জায়গায় মাটি ভরাট বা বাঁধ নির্মাণের কোনো সুযোগ নেই। কিন্তু দোয়ানিয়া খালে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
মনজিল মোরসেদ বলেন, সিএস অনুসারে দোয়ানিয়া খালের সীমানা জরিপ করে এবং দখলদারদের তালিকা তৈরি করে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত। খুলনা জেলা প্রশাসক, সংশ্লিষ্ট উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তাকে ওই প্রতিবেদন দিতে হবে।
সম্প্রতি দোয়ানিয়া খাল ভরাট করে বাঁধ নির্মাণ সংক্রান্ত প্রকাশিত খবর যুক্ত করে রিট আবেদনটি করা হয় বলে জানান এই আইনজীবী।
