জরুরি লেইনের পক্ষে কাদের, ভিআইপির পক্ষে নন
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার গাড়ির জন্য আলাদা লেইনের পক্ষে অবস্থান নিলেও ভিআইপিদের জন্য বিশেষ সুবিধার পক্ষপাতি নন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে কাদের নিজের মতামত তুলে ধরেন, যার দপ্তরের অধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষে এই সংক্রান্ত প্রস্তাবটি বিবেচনাধীন।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ খেকে সড়ক পরিবহন মন্ত্রণালয়কে অ্যাম্বুলেন্স, ও ফায়ার সার্ভিসের গাড়ি এবং ভিআইপিদের চলাচলে সড়কে আলাদা লেইন চালুর প্রস্তাব দেওয়া হয়।
এরপর থেকে ভি্আইপিদের চলাচলে আলাদা লেইনের প্রস্তাব নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।
সাংবাদিকদের প্রশ্নে কাদের বলেন, “এটা শুধু ভিআইপিদের জন্য আলাদা লেইন নয়, এখানে রোগীদের জন্য অ্যাম্বুলেন্স, জরুরি সেবার বিষয়টা আছে। এগুলো বিশেষভাবে করলে অসুবিধা কী? পারসোনালি আমি মনে করি, ওটা ঠিক আছে- অ্যাম্বুলেন্স, জরুরি সেবা- এসব ব্যাপারে।”
ভিআইপিদের বিষয়ে তিনি বলেন, “আমরা যারা বা আক্ষরিক অর্থে যারা কাগজে-কলমে ভিআইপি, তাদের মন-মানসিকতা পরিবর্তন দরকার। আমার জন্য আলাদা সড়ক থাকতে হবে, এটার কোনো প্রয়োজনীয়তা নাই।
উল্টোপথে ভিআইপি গাড়ির এভাবে চলাচলে সবসময় সমালোচনামুখর ওবায়দুল কাদের
“আমি মনে করি, আমাদের ধীরে ধীরে ভিআইপি সংষ্কৃতি থেকে বেরিয়ে আসা উচিৎ। এদেশের মানুষ, জনগণের কথা আগে আমাদের ভাবতে হবে।”
মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবের বিষয়ে কাদের বলেন, “আমার কাছে প্রস্তাব এসেছে। ডিটিসিএ বিষয়টা খতিয়ে দেখছে।”
তবে বর্তমান অবস্থায় সড়কের মধ্যে এই ধরনের লেইনের জন্য জায়গা বের করা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি।
“আমাদের লেইন খুব কম, কতটা সম্ভব হবে, আমি জানি না। আপাতত ডিটিসিএ এমন ব্যবস্থা করতে পারবে, এই মুহূর্তে সেটা ভাবার কোনো কারণ নেই। তারপরও আমরা ডিটিসিএ বসে সিদ্ধান্ত নেব।”
