২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআইপি লেইনের চিন্তা জনবিচ্ছিন্নতারই বহিঃপ্রকাশ: সিপিবি

ঢাকা শহরে জরুরি সেবায় আলাদা লেইন রংরক্ষণ করে ভিআইপিদেরও তাতে সুযোগ দেওয়ার প্রস্তাবে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 10:34 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রস্তাব দেওয়ার পর মঙ্গলবার দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম এক বিবৃতিতে বলেন, যানজটের নগরীতে ভিআইপি লেইনের চিন্তা সরকারের ‘জনবিচ্ছিন্নতারই বহিঃপ্রকাশ’।

বিবৃতিতে বলা হয়, “যানজট নিরসনের প্রকৃত উদ্যোগ না নিয়ে ভিআইপি চলাচলের জন্য ঘণ্টার পর ঘণ্টা সড়ক স্থবির রেখে জনদুর্ভোগ প্রতিদিনই বাড়িয়ে দেওয়া হয়। মন্ত্রিসভার ভিআইপি লেইন সৃষ্টির চিন্তা ‘কাটা ঘায়ে নুনের ছিটা’র মতো জনগণের দুর্দশার আরও বিস্তৃতি ঘটাবে।”

“গুটিকতক মানুষের প্ররোচনায় ভোটার এবং প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার আসা বর্তমান সরকার নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে যা প্রমাণ করে এ সরকার জনগণের হৃদ স্পন্দন বুঝতে অক্ষম,” বলছে সিপিবি।

“গত ৪৬ বছর ধরে দেশের মানুষের সম্পদ লুট করে যারা অর্থের পাহাড় গড়ে ভিআইপি, সিআইপি হয়েছে তাদের জন্য ঢাকা শহরের মানুষকে রাস্তা ছেড়ে দিতে হবে, তা কখনোই কাম্য হতে পারে না।”