সড়কে ভিআইপি লেইন ‘মামা বাড়ির আবদার’
সড়কে জরুরি সেবার যানবাহনের জন্য আলাদা লেইন করে তাতে ভিআইপিদেরও সুযোগ দেওয়ার প্রস্তাবে তীব্র আপত্তি এসেছে নাগরিকদের কাছ থেকে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সড়ক পরিবহন বিভাগে এই প্রস্তাব পাঠানোর খবর শুনে অনেকেই সমালোচনামুখর হয়েছেন ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
টেলিভিশন স্টেশন ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু ফেইসবুকে লিখেছেন, “সড়কে ভিআইপিদের আলাদা লেইনের প্রস্তাব: মামাবাড়ির এই আবদারকারীকে নোবেল দেওয়া উচিত!!”
ফয়জুল ইসলাম জাহান নামে আরেকজন লিখেছেন, “দেশে ভিআইপি কতজন, সড়কে আলাদা লেনে খরচ কত হবে, মাথাপিছু ব্যয় হবে কত? আগে এসব জানাতে হবে। এরপর আমজনতা আঙ্গুল চুষবে, যত্তসব!”
রসিকতা করে ভিআইপিদের জন্য আলাদা শহর করার পরামর্শ দিয়েছেন মারুফ রহমান নামে একজন।
সৈয়দ ফয়েজ আহমেদ নামে আরেকজন রসিকতা করে লিখেছেন, “যেই দেশে রাস্তাঘাটে টুকটাক গ্যাঞ্জামে বেশিরভাগ ক্ষেত্রে বিবদমান দুই ব্যক্তির প্রথম কথাই থাকে, ‘আমারে চিনোস!’ সেই দেশে ভিআইপি লেনেই জ্যাম বেশি হবে আর আমজনতার লেন থাকবে সুনশান। ফলে এ কথা বলা যায় যে, এই ভিআইপি লেনটা আসলে হতদরিদ্র মানুষের জন্য দারুণ কার্যকর হবে।”
সাধারণ মানুষের কষ্ট ভিআইপিরা ‘কখনও বোঝে না’ বলে মন্তব্য করেছেন ফয়সাল সিদ্দিকী শুভ বর্ণ নামে একজন।
“শহরের যে মানুষদের কাজে যাবার সময়, বাসে বসতে না পেরে সুপারম্যান হতে হয়… তাদের কষ্ট কি ভিআইপিম্যানরা কখনও বুঝবে!?”
রুবেল আবুল হাসান নামে একজন কটাক্ষ করে ভিআইপিদের সড়কের দুই দিকেই চলাচলের সুবিধা দেওয়ার প্রস্তাব তুলেছেন।
“ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাব। শুধু আলাদা নয়, উল্টা সিধা দুই দিকেই চলাচলের সুবিধা থাকা দরকার।”
আলাদা লেইন করার প্রস্তাবকে ‘বৈষম্যমূলক এবং সংবিধানবিরোধী’ বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, “এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, বৈষম্যমূলক ও ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের শামিল। এই প্রস্তাব সংবিধানে বর্ণিত- সুযোগের সমতা, আইনের দৃষ্টিতে সমতা এবং ধর্ম, গোষ্ঠী প্রভৃতি কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্রের বৈষম্য প্রদর্শন না করার মহান নীতিসমূহের লঙ্ঘন।”
বাম রাজনৈতিক দল সিপিবি এক বিবৃতিতে বলেছে, “যানজটের নগরীতে ভিআইপি লেইনের চিন্তা সরকারের জনবিচ্ছিন্নতারই বহিঃপ্রকাশ।”
মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, ‘উন্নত বিশ্বের অনেক দেশে’ জনবহুল গুরুত্বপূর্ণ শহরে সেবাকাজে নিয়োজিত যানবাহনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের জন্য সড়কে পৃথক লেইন রয়েছে। ঢাকা মহানগরীর সড়কে অনুরূপ লেন তৈরি করা হলে সেবা খাতের যানবাহনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল সহজতর হবে।
এর পক্ষে যুক্তি দেখিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের বলেন, “আমাদের এখানে ভিআইপিরা ডান দিক দিয়ে যায়, উল্টো দিক দিয়ে যায়, নানা রকমের ঝামেলা হয়। ভিআইপিদের অনেক সময় যাওয়া লাগে, প্রয়োজন হয়।”
এদিকে নাগরিকদের এই প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন ফেইসবুকে লিখেছেন, পুরো বিষয়টি না জেনে অনেকে বিভ্রান্ত হচ্ছেন।
তিনি বলেছেন, “কিছু মিডিয়া ইস্যু বানিয়ে দিলো যে ভিআইপিদের চলাচলের জন্য সড়কে আলাদা লেন হচ্ছে। আর কিছু ছাগু চিলে কান নিয়ে গেছে ভেবে সমালোচনার ঝাঁপি নিয়ে ঝাঁপিয়ে পরলো। এইসব অর্ধশিক্ষিত রামছাগল দিয়ে জাতি কি করিবে।তাহাদের জন্য চিড়িয়াখানা নির্মাণকরা অতীব জরুরি।”
‘এতে যানজট আরও বাড়বে’
মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রস্তাবে গলদ দেখছেন নগর পরিকল্পনাবিদ এবং পরিবহন বিশেষজ্ঞরাও। তারা বলছেন, আলাদা লেইন করলে সড়ক আরও কমে গিয়ে যানজট পরিস্থিতি আরও নাজুক হবে।
স্থপতি ইকবাল হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ উদ্যোগ প্রাইভেটকারকে আরও সুবিধা দিবে। এতে ঢাকায় যানজট আরও বাড়বে।
“এ ধরনের উদ্যোগের প্রশ্নই আসে না। এই পরিস্থিতির মধ্যে যদি প্রাইভেটকারকে তোষামোদ করে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। এখন যদি আবার ভিআইপিদের জন্য লেইন ছাড়তে হয়, তাহলে বুঝতে হবে ঢাকা শহরে এই ধনী তোষণ নীতিমালার চরম পরাকাষ্ঠার প্রদর্শন হবে। একটা গণতান্ত্রিক দেশে এটা করার প্রশ্নই আসে না।”
পুলিশ পাহারায় উল্টোপথে ভিআইপিদের গাড়ির এরকম চলায় ক্ষুব্ধ নাগরিকরা
ঢাকা নগরীর মোট আয়তনের মধ্যে সড়কের পরিমাণ ১০ শতাংশের কম, যা যানজট নিরসনের ক্ষেত্রে বড় অন্তরায় বলে চিহ্নিত।
আলাদা লেইন যানজট কমানোর চেয়ে আরও বাড়িয়ে দেবে বলে মনে করেন ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সাবেক নির্বাহী পরিচালক ড. এস এম সালেহ উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় সড়কের অভাবই এর বড় কারণ।
“এটা করতে গেলে আরও জায়গা ছেড়ে দিতে হবে। এছাড়া এটাকে ধরে রাখাও কষ্টকর হবে। এছাড়া এই লেইনের বাইরে যারা থাকবেন, তারা এটা ব্যবহার করতে চাইবেন। এটা দিয়ে যানজট পরিস্থিতির কোনো উন্নতি ঘটানো যাবে না।”
‘সড়কগুলো উপযোগী নয়’
ঢাকার সড়কগুলো এ ধরনের লেইন তৈরির উপযোগী নয় বলে জানিয়েছেন ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সৈয়দ আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা নিয়ে সমীক্ষার প্রয়োজন আছে।
“আমরা মনে করি বর্তমানে আমাদের শহরে ট্রাফিক কন্ডিশন, গাড়ির সংখ্যা, রাস্তার প্রশস্ততা ইত্যাদি বিবেচনায় এ ধরনের লেইন করার জায়গা তেমন দেখি না। এটা হঠাৎ করে বলতেও পারি না। বিস্তারিত সমীক্ষার প্রয়োজন আছে।”
“তবে এখন পর্যন্ত ঢাকার পরিবহন ব্যবস্থা নিয়ে যতগুলো স্টাডি হয়েছে, সেসব স্টাডিতে আমরা এটা দেখি নাই। আরএসটিপিতেও এটা নেই।”
প্রায় প্রতিদিনই এরকম যানজটের যন্ত্রণায় পড়তে হচ্ছে ঢাকাবাসীকে
আলাদা লেইন তৈরির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করতে তা ডিটিসিএতে পাঠানো হয়েছে।
“মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাবটি কিছুদিন আগে এসেছে। তারা জানতে চেয়েছেন, জরুরি সেবার গাড়িগুলোর জন্য আলাদা লেন করা যায় কি না। সে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের ব্যবস্থা নিতে বলেছেন। তারা বলে দেন নাই যে করতেই হবে। পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছেন।”
“এটা আমরা ডিটিসিএর কাছে পাঠিয়েছি। তারা বিষয়টা পরীক্ষা-নিরীক্ষা করবেন। বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত নেবে, এরপর তারা এ ব্যাপারে আমাদের কাছে মতামত দেবে।”
