জলবায়ু সঙ্কটে কৃষি বাঁচানোর গবেষণায় রাষ্ট্রপতির জোর
কৃষির খাতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলার উপায় খুঁজতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইতোমধ্যে দেশের কৃষিতে পড়তে শুরু করেছে। পাশাপাশি রাসায়নিক সার ও কীটনাশকের অপরিকল্পিত ব্যবহার মৎস্য ও প্রাণিসম্পদের ওপরও বিরূপ প্রভাব ফেলছে।
“কৃষি ও প্রাণিসম্পদ খাতের অব্যাহত অগ্রগতি নিশ্চিত করতে হলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গবেষক ও বিজ্ঞানীদের নতুন নতুন জাত ও পদ্ধতি আবিষ্কারে মনোযোগী হতে হবে।”
রাষ্ট্রপতি বলেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোকে এ কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে। গবেষণা ও আবিষ্কারের সুফল যাতে ব্যবহারকারীরা পায়, তাও একইসঙ্গে নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতি গঠনের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, যেখানে মেধা বিকাশের সব পথ উন্মুক্ত থাকে। কেবল পুঁথিগত বিদ্যা নয় বরং দেশ বিদেশের সর্বশেষ তথ্য সমৃদ্ধ শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে যাতে শিক্ষার্থীরা সম্পৃক্ত হতে পারে সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পদক্ষেপ নিতে হবে।”
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে ছাত্র-শিক্ষক সম্পর্ক ‘বন্ধুত্বপূর্ণ’ হওয়া প্রয়োজন মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষকদের হতে হবে স্নেহপ্রবণ ও অভিভাবকতুল্য।”
সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “জীবন চলার পথে তোমরা আজ একটি গুরুত্বপূর্ণ সোপান অতিক্রম করলে। বাস্তব জীবনে আসল সংগ্রাম এখন থেকেই শুরু। আজকের এ সনদপ্রাপ্তি সেই সংগ্রামে অবতীর্ণ হওয়ার স্বীকৃতিপত্র। এ সনদের সম্মান তোমাদের রাখতে হবে। মনে রাখতে হবে, তোমাদের এ অর্জনে দেশের প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে।
এ অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী। অন্যদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বক্তব্য দেন।
দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম যান রাষ্ট্রপতি। সমাবর্তন শেষে বিকেলে ঢাকায় ফেরেন তিনি।
