২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের তুলিতে ‘ভাষা আন্দোলন’

ভাষার মাসে শিশুরা তাদের রঙতুলির আঁচড়ে ভাষা আন্দোলনকে স্মরণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 09:53 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আগরতলা ষড়যন্ত্র মামলার শহীদ সার্জেন্ট জহুরুল হকের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া নাওমা তাসনীম বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলে, “এ মাসেই ভাষার জন্য প্রাণ দিয়েছিল সালাম, রফিক, জব্বার। আমি আমার ছবির মাধ্যমেই তাদের স্মরণ করতে চাই।

“আমরা তো তখন জন্মাইনি। কিন্তু তাদের আত্মত্যাগ সম্পর্কে জেনেছি। আমার অনেক বন্ধুও ঠিকমতো বাংলায় কথা বলতে পারে না। আমি চাই সবাই শুদ্ধ বাংলা বলুক, জানুক।”

আইডিয়াল হোমস স্কুল অ্যান্ড কলেজের আরেক শিক্ষার্থী রোদেলা বলে, “আমি শহীদ মিনার আঁকছি। প্রতিবছর আমরা শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসি, সেটাই আঁকছি।”

এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় একুশকে ফুটিয়ে তোলার চেষ্টা করছিল অটিস্টিক শিশু নাহিন।

তার প্রশিক্ষক বুলবুলি বলেন, “সব জায়গায় তো অটিস্টিক শিশুদের নিয়ে যাওয়া যায় না। সবাই সে সুযোগও দেয় না। কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘরের সবার আন্তরিকতার জন্যই নাহিন এখানে অংশগ্রহণ করতে পারছে।”

ভাষা আন্দোলনের পাশাপাশি গ্রাম-বাংলার রূপ, মুক্তিযুদ্ধে বাঙালিদের আত্মদানের চিত্রও ফুটে উঠেছে শিশুদের চিত্রে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া আরেক প্রতিযোগী হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম সুলতান মহিয়সী বলে, “বীর মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। আমাদের দেশেটাকে ওরা সুন্দর করতে চেয়েছিল। কিন্তু এখন তো জঙ্গিরা এ দেশটাকে নষ্ট করে ফেলছে। আমি চাই আমাদের শহীদরা যে স্বপ্ন দেখেছিল, তা পূরণ করতে।”

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কবি তারিক সুজাত, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু-সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, শিল্পী মনিরুজ্জামান, শিল্পী অশোক কর্মকার, সার্জেন্ট জহুরুল হকের ভাতিজী নাজনীন হক মিমি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দীন তারিক আলী।